সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ওই কারাগারে রয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন দৈনিক আজাদীকে তাঁর স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হয়েছে।
তবে তাঁকে স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ, এ বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা ছিল কি না এবং কত দিন তাঁকে কেরানীগঞ্জে রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কারা কর্তৃপক্ষ।
চিন্ময় কৃষ্ণ দাসের কারাগার পরিবর্তনের ঘটনায় আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। কারা সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তাঁর খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে তাঁর সঙ্গে কেরানীগঞ্জে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন।
ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাবন্দি রয়েছেন।
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুরের পর ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
ওই দিনের সহিংসতার মধ্যে চট্টগ্রাম আদালত এলাকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন ২০২৪ সালের ২৯ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরে আদালত অভিযোগপত্র গ্রহণের সময় আরও একজনকে অন্তর্ভুক্ত করেন। ফলে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯। ২০২৬ সালের ১৯ জানুয়ারি চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং অন্যান্য ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাঁর আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, কয়েকটি মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি পাননি। রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করায় ওই মামলাটিও তাঁর কারামুক্তির ক্ষেত্রে বাধা হয়ে রয়েছে।
সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ২০২৬ মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে ওই দিনই তাঁকে আবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জে স্থানান্তরের ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।












