ছবিটি আছে, মানুষগুলো আর রইল না

স্বামী-সন্তানের পর রেশমিও না ফেরার দেশে

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কালিয়াইশের শাইরের বর বাড়ির আবদুস সাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেনের পারিবারিক ছবি এটি। ছবিতে মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী রেশমি আক্তারের মাঝখানে আছে তাদের ফুটফুটে কন্যাশিশু ওয়াসিফা জান্নাত। ছোট্ট সংসারের সুখের প্রতিচ্ছবি। ছবিটি আছে, কিন্তু এখন তাদের তিনজনের কেউ আর বেঁচে নেই। ছবিটি এখন শুধুই স্মৃতি। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাবা–মা ও সন্তানের জীবন। দুর্ঘটনার দিন বাবা ও মেয়ের মৃত্যু হয়। এর ২৩ দিন পর মা রেশমি আক্তারও পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

জানা যায়, দেলোয়ার হোসেন স্ত্রী–সন্তান নিয়ে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় সিএনজি টেক্সিযোগে কেরানীহাটে যাচ্ছিলেন। তাদের টেক্সিটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুলের উত্তর পাশে ডিবিএম ইটভাটার সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাবা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন। রেশমি আক্তারসহ কয়েকজন আহত হন। এরপর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রেশমি। গত শনিবার গভীর রাতে তিনি মারা যান। একটি পরিবারের তিনজন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আহমদ জানান, বাসের সাথে সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় টেক্সির যাত্রী দেলোয়ার ও তার একমাত্র মেয়ে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার ২৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের স্ত্রীও মারা গেছে। সড়ক দুর্ঘটনায় পরিবারের তিন সদস্য এখন নাই হয়ে গেছে। তাদের মৃত্যুতে পুরো এলাকা এখন শোকে স্তব্ধ।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার বলেন, ওই সড়ক দুর্ঘটনায় দেলোয়ার নামে এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হওয়ার পাশাপাশি টেক্সির অন্য যাত্রীরাও গুরুতর আহত হয়েছিল। দেলোয়ারের স্ত্রী ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল। শুনেছি নিহত দেলোয়ারের স্ত্রী শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই দুর্ঘটনার পর সাতকানিয়া থানায় একটি মামলা করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ের ১৩৭ রানের ইনিংস, প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশ্বশুরবাড়িতে তালা, স্বামীসহ পুরো পরিবার আত্মগোপনে