চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। গতকাল (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।











