মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল কিনা সে বিষয়ে এ সপ্তাহেই রায় দিতে চলেছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক গণহত্যা মামলার এই রায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচারের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে। গোটা বিশ্ব এই রায়ের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হতে পারে আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) এখন পর্যন্ত কোনও দেশকে গণহত্যার জন্য দায়ী করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে ইহুদি নিধনযজ্ঞের (হলোকাস্ট) পর আন্তর্জাতিক আইনে ‘গণহত্যা’ অপরাধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, আইসিজের এই রায় ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা অপর আরেকটি আলোচিত ‘গণহত্যা’ মামলাতেও প্রভাব ফেলবে। খবর বিডিনিউজের।
মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে কয়েক লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার প্রায় এক দশক পর আগামী বৃহস্পতিবার সকালে নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত গণহত্যা মামলার রায় ঘোষণা করতে চলেছে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক তদন্ত কর্মকর্তা ইয়াংহি লি বলেছেন, আদালতের এই রায় সারা বিশ্বে বেঁচে থাকা রোহিঙ্গা ও তাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক ঘটনা হবে। তিনি বলেন, ৯ বছর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা থামাতে বিশ্ব সমপ্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের জন্য অবশেষে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিজেদের সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে তাদের অবশ্যই এ সুযোগকে কাজে লাগাতে হবে।
মিয়ানমার সামরিক জান্তা সরকারের অভিযানের মুখে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালানোর ঘটনায় পশ্চিম আফ্রিকার মুসলিম–প্রধান দেশ গাম্বিয়া ২০১৯ মালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে–তে মামলা দায়ের করেছিল। গাম্বিয়ার অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে দমন–পীড়ন চালিয়েছে, তা ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আইসিজে– এর বিচারকরা গাম্বিয়ার আনা অভিযোগগুলো নিয়ে দীর্ঘ সাত বছর ধরে বিচার–বিশ্লেষণ করেছেন। গণহত্যা মামলার বড় চ্যালেঞ্জ হল, কোনও গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ প্রমাণ করা। তবে শত শত রোহিঙ্গা ভুক্তভোগীর প্রতিনিধিত্বকারী সংস্থা ‘লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড (ল)’-এর প্রতিষ্ঠাতা অ্যান্টোনিয়া মালভি বলেছেন, আদালত মিয়ানমারকে পুরোপুরি জবাবদিহির আওতায় আনবে– এ বিষয়ে তিনি ‘সতর্কভাবে আশাবাদী’। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে এমন ধরনের সব আচরণ দেখা গেছে, যা ওই গোষ্ঠীকে ধ্বংস করার সুস্পষ্ট চেষ্টারই প্রমাণ। গ্রামগুলোতে একই কায়দায় হামলা, অগ্নিসংযোগ, নারী–পুরুষ আলাদা করা, যৌন সহিংসতা ও পালানোর সময় হত্যার মাধ্যমে ধ্বংসের উদ্দেশ্য স্পষ্ট ফুটে উঠেছে।










