নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুলি করার পর মোবাইলে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে বলা হয়েছে, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’ এই ঘটনায় আবারো সন্ত্রাসী বড় সাজ্জাদের নাম আলোচনায় এসেছে। জানা যায়, রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগর এলাকায় জমি ব্যবসায়ী মো. জাফরের বাড়ি লক্ষ্য করে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ভবনের দ্বিতীয়তলার একটি কক্ষের জানালা লক্ষ্য করে গুলি করা হয়। এতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ওই কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বাড়ির মালিক জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই সময় তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার ফোন করে একই অঙ্কের টাকা দাবি করা হয়। এরপর রোববার রাতে তার বাড়িতে গুলি চালানো হয়।
জাফর পুলিশকে জানিয়েছেন, হামলার পর তাকে ফোন করে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’ এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে। অভিযুক্ত রায়হান ও ভুক্তভোগী জাফরের বাড়ি রাউজান উপজেলায়। তারা পরস্পরকে চেনেন। এ ঘটনায় মামলা করার জন্য জাফরকে থানায় আসতে বলা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি মামলা করতে আসবেন বলে জানিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
ঘটনার পেছনে চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের নাম সামনে আসছে। স্থানীয় সূত্রের অভিযোগ, বড় সাজ্জাদের হয়ে নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ভূমি ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছে চাঁদা দাবি করে আসছে রায়হান ও ডেভিড ইমন। বিশেষ করে জমি কেনাবেচা, ভবন নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের চাঁদাবাজির লক্ষ্যবস্তু হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর চাঁদাবাজির এই নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে আসে। তবে রায়হান নিজের ফেইসবুক পোস্টে দাবি করেছেন, তার নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে। পুলিশ জানায়, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে।
চট্টগ্রামের অপরাধজগতে বড় সাজ্জাদের নাম দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে তার সহযোগীদের কেউ কেউ গ্রেপ্তার হলেও চাঁদাবাজির এই নেটওয়ার্কের অপতৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি।












