নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালাচল শুরু হচ্ছে আজ

প্রতিটি ট্রেনে থাকবে পাওয়ার কারসহ সাতটি কোচ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেন আজ থেকে কমিউটার ট্রেন হিসেবে চলাচল শুরু হচ্ছে। যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে এই রুটে দীর্ঘদিন ধরে চালাচলরত লোকাল ট্রেন দুই জোড়াকে কমিউটার ট্রেনে রূপান্তর করা হয়েছে। নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার–১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে পওয়ার কার সহ সাতটি কোচ সংযোজন করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে নতুন এই সেবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রতিটি ট্রেন যাত্রীদের জন্য ৩৩৪টি আসন থাকবে। অনুমোদিত ট্রেনের কাঠামো অনুযায়ী, সাতটি কোচের মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ থাকবে। লোকাল ট্রেনে আগে এ ধরনের কোচের ব্যবস্থা ছিল না।

গতকাল সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রী সেবা ও আয় বাড়বে বলেন মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।

এরআগে রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত পত্রে কমিউটার ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল। রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে। এ জন্য সাতটি কোচের একটি রেক গঠন করে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, সাত কোচের এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।

সর্বনিম্ন ভাড়া ২০ টাকা : নতুন েসবায় সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বর্তমানে দূরত্বভেদে এ রুটে সর্বনিন্ম ভাড়া ৫ থেকে ১১ টাকা। অর্থাৎ অল্প দূরত্বে যাতায়াত করলেও যাত্রীদের কমপক্ষে ২০ টাকা ভাড়া দিতে হবে।

ট্রেন চলাচলের সময়সূচি : ২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেছেন, ‘লোকাল থেকে কমিউটার হওয়ায় যাত্রীসেবার মান বাড়বে। এই রেকে পাওয়ার কার যুক্ত হবে। ফলে লাইট–ফ্যান চলবে। শৌচাগারের সুবিধা থাকবে। কোচগুলোও উন্নত হবে।’

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, চট্টগ্রাম–নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে আরো আধুনিক করে কমিউটার ট্রেনে রূপান্তরের মাধ্যমে মঙ্গলবার থেকে চলাচল শুরু হচ্ছে। আগে লোকাল ট্রেনে ৫টি বগি ছিল। পাওয়ার ছিলনা। নতুন আঙ্গিকে চলাচল শুরু হতে যাওয়া কমিউটার ট্রেনে পাওয়ার কারসহ সাত বগি থাকবে। পাওয়ার কার থাকাতে এখন ফ্যান চলবে, লাইট জ্বলবে। কমিউটর ট্রেনের বগি গুলো আরও উন্নত। এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি। পাওয়ার কার

ট্রেন চালুর আগে পর্যাপ্ত কোচ ও ইঞ্জিনের ব্যবস্থা, গার্ড নিয়োগ, ফ্যান ও লাইট সচল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম–নাজিরহাট যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শওকত হোসেন চৌধুরী বলেন, লোকাল ট্রেনগুলোকে কমিউটার সার্ভিসে উন্নীত করার জন্য তাঁরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। তিনি বলেন, সর্বনিন্ম ভাড়া ২০ টাকা হওয়ায় আমাদের কোনো আপত্তি নেই। আমরা উন্নত সেবা চাই। ট্রেনগুলো সময়মতো চলাচল করতে হবে, পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে এবং ফ্যান ও লাইটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কমিউটার সার্ভিস চালু হলেও বিদ্যমান সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না।

উত্তর চট্টগ্রামের হালদা নদীসংলগ্ন অঞ্চলের কৃষিপণ্য ও চা শিল্পের পরিবহন সুবিধার জন্য ১৯২৬ সালে চট্টগ্রাম–নাজিরহাট রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। ১৯২৯ সালে চট্টগ্রাম–হাটহাজারী অংশের নির্মাণকাজ শেষ হলে এ পথে ট্রেন চলাচল শুরু হয়।

১৯৩০ সালে হাটহাজারী–নাজিরহাট অংশ চালু করা হয়। আসাম বেঙ্গল রেলওয়ে (এবিআর) কোম্পানি এ রেললাইন নির্মাণ করেছিল। পরবর্তী সময়ে উত্তর ফতেহাবাদ অংশ থেকে একটি শাখা লাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমপ্রসারণ করা হয়। ১৯৮০–এর দশকে ওই শাখা লাইনে শাটল ট্রেন চলাচল শুরু হয়।

বর্তমানে এ রুটে আট জোড়া শাটল ট্রেন, দুই জোড়া নাজিরহাটগামী ট্রেন এবং হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রের জন্য তেলবাহী ট্রেন চলাচল করছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বাস-বাইক সংঘর্ষে প্রবাসী যুবক নিহত, বন্ধু আহত