শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ–৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এ ঘোষণা দেন। খবর বিডিনিউজের।
স্পিকার বলেন, ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ই নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার। এদিন জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতেও আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন ওসমান ফারুক। বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
৯০ দিনের মধ্যেই ভোট : ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ–৩ (তাড়াইল ও করিমগঞ্জ) আসনে আইন মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, আইনি বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ–৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।











