এক ছেলের জানাজার প্রস্তুতির সময় খবর এলো অপরজনও নেই

চকরিয়ায় বসতঘরে আগুনে দগ্ধ কয়েক ঘণ্টার ব্যবধানে হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

ছোটন কান্তি নাথ, চকরিয়া | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

এক ছেলের জানাজার প্রস্তুতি চলছিল বাড়ির পাশে মসজিদ মাঠে। স্বজন ও প্রতিবেশীরাও এসে দাঁড়িয়েছে ফজলে কাদেরের শোকাতুর পরিবারের পাশে। এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসে আরেক দুঃসংবাদ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অপর ছেলেও। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাগলপ্রায় বাবা–মা। গতকাল মঙ্গলবার একই মসজিদ মাঠে জানাজা শেষে দুই সহোদরকে পাশাপাশি দাফন করা হয়।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় কয়লার আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া দুই ভাই হলো ফজলে কাদের ও আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিল। দুই সন্তানকে ঘিরে বাবা–মায়ের অনেক স্বপ্ন ছিল। তাদের এমন মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরাও।

পরিবার সূত্র জানায়, সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওমর ফারুক। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। রাত ৮টার দিকে করাইয়াঘোনা মসজিদ মাঠে তার জানাজার প্রস্তুতি শুরু হয়। ঠিক তখনই হাসপাতাল থেকে খবর আসে, অপর সন্তান মোহাম্মদ আবদুল্লাহও মারা গেছে। রাত ৯টার দিকে ওমর ফারুকের জানাজা শেষে অপর ছেলের মরদেহ আনতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে একই মাঠে মোহাম্মদ আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুই ভাইকে স্থানীয় মসজিদের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা ফজলে কাদের। তিনি আজাদীকে বলেন, আমাদের কলিজার টুকরা দুই সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু আল্লাহ আমাদের দুই সন্তানকে তার জিম্মায় নিয়ে গেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার নিষ্পাপ দুই সন্তানকে যেন জান্নাতের মেহমান বানিয়ে রাখেন।

ফজলে কাদের জানান, রেললাইনের পাশে টিনের একটি ছোট ঘরে বসবাস করতেন তারা। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী আরেফা সিদ্দিকাও দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের অনেক কাজ দুই ছেলেই করত। মায়ের সেবা করত তারা। খাবার ও ওষুধও নিয়ম করে খাইয়ে দিত। মাদরাসায় বার্ষিক সভা থাকায় সোমবার দুই ভাইয়ের সেখানে যাওয়ার প্রস্তুতি ছিল। এজন্য রোববার রাতে নিজেদের পায়জামা–পাঞ্জাবি ইস্ত্রি করতে স্টিলের একটি বাটিতে কয়লা নিয়ে আগুন জ্বালায় তারা। কাপড় ইস্ত্রি শেষে কয়লার আগুন পুরোপুরি না নিভিয়ে বিছানার পাশে বাটিটি রেখে ঘুমিয়ে পড়ে। পরে সেই আগুন থেকে কম্বল ও মশারিতে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে দুই ভাই দগ্ধ হয়। আগুনে তাদের বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়।

গভীর রাতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা আগুন নেভানোর পর দুই ভাইকে উদ্ধার করেন। প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয় তাদের। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে দুজনের মৃত্যু হয়।

ফজলে কাদের ও আরেফার সংসারে চার সন্তান ছিল। নিহত দুই ভাইয়ের দুজনই কোরআনে হাফেজ হয়েছিল। অপর দুই সন্তান ছোট হওয়ায় ঘটনার সময় মায়ের কাছে ছিল। এ কারণে তারা প্রাণে বেঁচে যায় বলে জানান বাবা ফজলে কাদের।

এদিকে দুই সন্তানকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা আরেফা সিদ্দিকা। অসুস্থতার কারণে দুই ছেলেই তাকে নিয়মিত সেবা করত। খাবার ও ওষুধ খাওয়ানোর দায়িত্বও পালন করত তারা। সন্তানদের হারিয়ে এখন সেই স্মৃতিই কাঁদাচ্ছে তাকে।

কান্নাজড়িত কণ্ঠে আরেফা সিদ্দিকা বলেন, আমি অসুস্থ। তাই বাড়ির অনেক কাজ আমার এই কলিজার টুকরা দুই সন্তানই করে ফেলত। আমাকে তারা এমনভাবে সেবা করত, তা দুনিয়ার কারও কাছে পাব না। তারা আমাকে নিয়ম করে খাবার ও ওষুধ খাইয়ে দিত। এখন আমাকে আর কেউ এভাবে ওষুধ খাইয়ে দেবে? ও আল্লাহ, আমার দুই কোরআনের পাখিকে কেন নিয়ে গেলে! আমি এখন কী নিয়ে বেঁচে থাকব?

স্থানীয় বাসিন্দারা জানান, ফজলে কাদের স্থানীয় একটি মসজিদে ইমামতি করে ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতেন। অভাবের সংসারে তার স্ত্রীও দীর্ঘদিন ধরে অসুস্থ। রেললাইনের পাশে খাসজমিতে টিন দিয়ে ছোট একটি ঘর নির্মাণ করে বসবাস করতেন তারা। বাড়িতে বিদ্যুতের সংযোগও ছিল না। কয়লার আগুন থেকেই শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে গেল পরিবারটি।

চকরিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার আজাদীকে বলেন, সাবধানতা অবলম্বন না করায় কয়লার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়ে পুরো বসতবাড়ি ভস্মীভূত হয়। একসঙ্গে দুই সন্তান পুড়ে মারা যাওয়ার ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটি যাতে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, সেজন্য মানবিক দৃষ্টিকোণ থেকে যা যা করার প্রয়োজন, তাই করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে ইলিয়াস ব্রাদার্সের কার্যালয়ে হামলা, ভাঙচুর
পরবর্তী নিবন্ধচালু হল চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ট্রেন