প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠান মানুষের জ্ঞান, মনন ও ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা রাখে। পাহাড়, ঝরনা, সবুজ বনভূমি আর জীববৈচিত্র্যের অপার সমারোহে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতির মাঝে শিক্ষার এমনই এক অনন্য ঠিকানা। শহরের কোলাহল থেকে দূরে প্রায় ২ হাজার ৩০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বিদ্যাপীঠ শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, প্রকৃতি ও শিক্ষার্থীদের মেলবন্ধনের এক অপূর্ব উদাহরণ। ক্যাম্পাসের প্রতিটি বাঁকে ছড়িয়ে আছে সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আর অসংখ্য মানুষের স্মৃতি। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ৬০ বছরের গৌরবোজ্জ্বল পথচলা পেরিয়ে ৬১তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ উদযাপিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হীরকজয়ন্তী।
চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে পাহাড়ঘেরা সমতল ও উঁচু–নিচু ভূমিতে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দিনের আলোয় সবুজের সমারোহে মোহিত করে রাখা এই ক্যাম্পাস সন্ধ্যা নামতেই ধারণ করে অন্য এক রূপ। চারপাশে নেমে আসে নির্জনতা, প্রকৃতির নীরবতা আর পাহাড়ের মায়াবী আবহ। ভোরের আলো ফুটতেই শাটল ট্রেনের হুইসেলে যেন ঘুম ভাঙে ক্যাম্পাসের। শহর থেকে হাজারো শিক্ষার্থী শাটলের বুকে চড়ে ছুটে আসেন প্রিয় বিদ্যাপীঠে। প্রায় পৌনে এক ঘণ্টার যাত্রা শেষে শিক্ষার্থীদের পদচারণায় ধীরে ধীরে মুখর হয়ে ওঠে নীরব ক্যাম্পাস। পাহাড়ের কোলের সেই শান্ত পরিবেশ নিমিষেই পরিণত হয় প্রাণচঞ্চল এক জনপদে।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র চারটি বিভাগ বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালে শিক্ষার্থী ছিলেন ২০৪ জন, শিক্ষক ছিলেন মাত্র আটজন। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আজিজুর রহমান (এ আর) মল্লিক। সময়ের পরিক্রমায় সেই ছোট পরিসরের বিশ্ববিদ্যালয় আজ বিস্তৃত হয়েছে অনেক দূর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে রয়েছে ৫৪টি বিভাগ। এ ছাড়া রয়েছে ছয়টি ইনস্টিটিউট, পাঁচটি গবেষণা কেন্দ্র, একটি অধিভুক্ত অনুষদ, একটি অধিভুক্ত ইনস্টিটিউট এবং ২৫টি অধিভুক্ত কলেজ। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন প্রায় ২৮ থেকে ৩০ হাজার। শিক্ষক রয়েছেন প্রায় এক হাজার থেকে ১২শ এবং কর্মকর্তা–কর্মচারীর সংখ্যা দুই হাজারের বেশি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শাটল ট্রেন। দেশের তো বটেই, বিশ্বজুড়েও শাটল ট্রেননির্ভর ক্যাম্পাস হিসেবে বিশ্ববিদ্যালয়টির রয়েছে স্বতন্ত্র পরিচিতি। ১৯৮০ সালে চালু হওয়া এই শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান বাহন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার সীমাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে শহরে বসবাস করতে হয়। তাঁদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের কার্যদিবসে একজোড়া শাটল ট্রেন দিনে নয়বার আসা–যাওয়া করে। ছুটির দিনে ট্রেনটি তিনবার যাতায়াত করে ক্যাম্পাসে। শাটল কেবল যাতায়াতের বাহন নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি এক আবেগের নাম, এক চলন্ত সাংস্কৃতিক পরিসর। ক্যাম্পাসে আসা–যাওয়ার পথে শাটলের প্রতিটি বগি মুখর থাকে গান, কবিতা, ছড়া আর আড্ডায়। বগির গায়ে তাল দিয়ে তৈরি হয় গানের মেলা। রক, র্যাপ, জারি, সারি, ভাটিয়ালি, প্যারোডি, পাহাড়ি গান কিংবা বাংলা সিনেমার গান– কোনো ধারাই যেন বাদ পড়ে না এই চলন্ত সাংস্কৃতিক আয়োজনে।
শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কখনো তৈরি হয় আনন্দের উচ্ছ্বাস, কখনো জমে ওঠে বন্ধুত্বের আড্ডা। এ কারণেই শাটল ট্রেনকে অনেকেই বলেন ‘চলন্ত ক্যাম্পাস’। দিনের পর দিন বগি চাপড়িয়ে গান গাইতে গাইতে এই শাটল থেকেই উঠে এসেছেন দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী নকিব খান, পার্থ বড়ুয়া ও এস আই টুটুলের মতো শিল্পীরা। প্রজন্ম থেকে প্রজন্মে শাটল হয়ে উঠেছে শিক্ষার্থীদের আবেগ, স্মৃতি ও সাংস্কৃতিক চর্চার অন্যতম অনুষঙ্গ। শিক্ষার্থীদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১৪টি আবাসিক হল। এর মধ্যে ছাত্রদের জন্য নয়টি এবং ছাত্রীদের জন্য পাঁচটি হল। পাশাপাশি রয়েছে একটি হোস্টেল। অন্যদিকে, চট্টগ্রাম শহরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি ছাত্রাবাস। সব মিলিয়ে এসব আবাসিক সুবিধায় প্রায় সাত থেকে আট হাজার শিক্ষার্থী থাকার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিভিন্ন বাসা ও কটেজে থাকেন আরও প্রায় আট হাজার শিক্ষার্থী। বাকি বিপুলসংখ্যক শিক্ষার্থী চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসা ও মেসে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রতিদিনের যাতায়াতের প্রধান অবলম্বন হয়ে উঠেছে সেই শাটল ট্রেন।

ছয় দশকের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থী তৈরি করেনি, দেশের শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, রাজনীতি, সাংবাদিকতা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই বিদ্যাপীঠ থেকে তৈরি হয়েছেন অসংখ্য শিক্ষাবিদ, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ ও পেশাজীবী। তাদের মধ্যে বিশ্বখ্যাত ভৌতবিজ্ঞানী প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম অন্যতম। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসহ অনেক খ্যাতিমান ব্যক্তির সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল তার। তার রচিত বিভিন্ন গ্রন্থ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও স্থান পেয়েছে তার গ্রন্থ। এ ছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাদের মতো গুণীজনের পদচারণায় সমৃদ্ধ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার ইতিহাসেও রয়েছে চাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিষ্ঠার পর থেকে ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট সাতবার। সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনের পর দীর্ঘ প্রায় ৩৫ বছর চাকসু নির্বাচন বন্ধ ছিল। অবশেষে ২০২৫ সালের ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ছাত্র সংসদকেন্দ্রিক গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা তৈরি করে। নির্বাচিত সংসদের মেয়াদ চলতি বছরের ২২ অক্টোবর শেষ হয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের ইতিহাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। নিয়মিত সমাবর্তন আয়োজন না হওয়ায় অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অর্জিত ডিগ্রির সনদ আনুষ্ঠানিকভাবে হাতে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের প্রশাসনের উদ্যোগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে একযোগে প্রায় ২৩ হাজার শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
এতসব অর্জন ও সম্ভাবনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু অপূর্ণতাও রয়ে গেছে। এর মধ্যে অন্যতম শিক্ষক–শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় শিক্ষক–শিক্ষার্থী কেন্দ্র বা টিএসসির অভাব। সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ে টিএসসি শিক্ষক–শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক চর্চা, মতবিনিময় ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ছয় দশক পার হলেও এখনো প্রতিষ্ঠিত হয়নি একটি পূর্ণাঙ্গ টিএসসি। ফলে শিক্ষক–শিক্ষার্থীদের নিয়মিত মতবিনিময় ও একসঙ্গে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় পরিসরের অভাব অনুভূত হচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের প্রশাসনের সময় টিএসসি নির্মাণের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকানের প্রশাসনের পক্ষ থেকেও টিএসসি প্রতিষ্ঠার আশ্বাস দেওয়া হচ্ছে। ফলে ছয় দশকের এই পথচলায় টিএসসির অপূর্ণতা এখনো বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রত্যাশা হয়ে রয়েছে।
প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম উপাচার্য প্রফেসর ড. আজিজুর রহমান (এ আর) মল্লিকের হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের ধারাবাহিকতায় সেই দায়িত্বের পরিধি ও বিশ্ববিদ্যালয়ের ব্যাপ্তি দুটোই বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। তার প্রশাসনের সময়েই ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। এ আয়োজন ঘিরে শুধু বর্তমান শিক্ষার্থীদের মধ্যেই নয়, প্রাক্তন শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।
এবারের হীরকজয়ন্তী আয়োজনের ব্যাপকতাও বেশ তাৎপর্যপূর্ণ। আয়োজনে অংশ নিতে নিবন্ধন করেছেন প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে এটি পরিণত হতে যাচ্ছে এক বিশাল মিলনমেলায়। কয়েক দশক আগে ক্যাম্পাস ছেড়ে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা আবার ফিরে আসবেন তাদের স্মৃতির আঙিনায়। পুরোনো বন্ধু, সহপাঠী, শিক্ষক ও পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা হবে। ফিরে আসবে শিক্ষাজীবনের নানা গল্প, আড্ডা, আনন্দ–বেদনা ও সংগ্রামের স্মৃতি।
প্রজন্মের সঙ্গে প্রজন্মের এই মেলবন্ধনই হীরকজয়ন্তীর অন্যতম বড় প্রাপ্তি। এ উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হীরকজয়ন্তীর মূল আয়োজন শুরু হবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে। উদ্বোধনের পর আয়োজন করা হবে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় অতিক্রম করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত অনুষ্ঠানস্থলে কেক কাটা হবে। এরপর সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে স্মৃতিচারণ পর্ব। বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব আয়োজনের মূল অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। এ ছাড়া হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নত ভোজের আয়োজন করা হয়েছে। সাথে সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ কাঁপাবেন বিখ্যাত সংগীত শিল্পী জেমস।
হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। আলোচনা সভা ও হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান।
বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের এই পথচলা যেমন অসংখ্য অর্জন ও গৌরবের, তেমনি সামনে রয়েছে বেশ কিছু প্রত্যাশা ও চ্যালেঞ্জ। নিয়মিত সমাবর্তন, আবাসন সংকট নিরসন, গবেষণার পরিসর বৃদ্ধি এবং দীর্ঘদিনের প্রত্যাশিত টিএসসি প্রতিষ্ঠা এখনো গুরুত্বপূর্ণ দাবি। হীরকজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গবেষণালব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী যোগাযোগ ও সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলা গেলে এ আয়োজনের তাৎপর্য আরও বিস্তৃত হবে। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই বিদ্যাপীঠের ছয় দশকের ইতিহাসে জড়িয়ে আছে শাটলের হুইসেল, বগিতে গাওয়া গান, বন্ধুত্ব, শিক্ষা, গবেষণা, আন্দোলন এবং অসংখ্য মানুষের স্বপ্ন। আগামীকাল হীরকজয়ন্তীর আয়োজনে সেই ইতিহাস ও ঐতিহ্যকে নতুন করে উদযাপন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছয় দশকের স্মৃতিকে সঙ্গে নিয়ে নতুন প্রত্যাশার পথে এগিয়ে যাওয়াই হবে এই আয়োজনের সবচেয়ে বড় তাৎপর্য।












