ওরছে আ’লা হযরত ও মহা সুন্নি সম্মেলন ১০ আগস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০৮তম ওফাত বার্ষিকী

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫০ পূর্বাহ্ণ

হিজরী চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, সহস্রাধিক গ্রন্থের প্রণেতা ইমাম আহমদ রেযা খাঁন ব্রেলভী (রহ.)-এর ১০৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আগামী ১০ আগস্ট (সোমবার), ২৫ সফর ১৪৪৮ হিজরী পরম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওরছে আ’লা হযরত ও মহা সুন্নি সম্মেলন’।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ওমর শাহ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এ মহতি ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়েছে।

আওলাদে আ’লা হযরত, তাজউসসুন্নাহ, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মুফতি তৌছিফ রেজা খান (মা.জি.আ.)-এর নির্দেশক্রমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা (ধুমপাড়া, ৩৮ নম্বর ওয়ার্ড, বন্দর, চট্টগ্রাম)।

কর্মসূচির মধ্যে রয়েছে-বাদে আসর খতমে কোরআন, বাদে মাগরিব গাউসিয়া শরীফ ও মাহফিলে জিকরে মোস্তফা (সা.)। বাদে এশা: মূল মাহফিল ও আলেমদের আলোচনা। রাত ১১টা: মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত।

মাহফিল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর রেজভী জানান, দেশবরেণ্য প্রখ্যাত ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরামগণ এ মাহফিলে ইসলামের শান্তি, মানবতার মহব্বত, ঈমান-আকিদা এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করবেন।

তিনি আরও বলেন: “কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, ঐক্য, ভ্রাতৃত্ব এবং মানবকল্যাণের শিক্ষা ছড়িয়ে দেওয়াই এ ধর্মীয় সম্মেলনের মূল লক্ষ্য। এই বরকতময় মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি লাভ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়ায় শরিক হতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।”

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ থেকে ১৯ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫