বান্দরবানের চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পর্যটন স্পট চিম্বুক পাহাড় এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। গতকাল বান্দরবান সদরের চিম্বুক পাহাড় এলাকায় জাতীয়তাবাদী মতাদর্শের স্থানীয় পাহাড়িদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়ক এলাকার দুই পাশের ময়লা–আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তার পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের তাৎপর্যকে সামনে রেখে আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা এবং প্রকৃতির সৌন্দর্য রক্ষা করাও সবার দায়িত্ব। বান্দরবান একটি পর্যটনসমৃদ্ধ জেলা। এখানকার পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন বান্দরবান গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা প্রশাসন নয়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার রাখার মানসিকতা তৈরি করতে হবে।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় দলের স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল সাত দোকান