মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের পাশের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, হোটেল থেকে হঠাৎ আগুন দেখতে পান তারা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কোনো দোকানের মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশের একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।









