চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদরে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আহমেদ হোসেন (৫৩)। তিনি দোহাজারী পৌরসভার উত্তর দিয়াকুল দারগাকাটা এলাকার মৃত আলী আকবরের ছেলে। গতকাল শুক্রবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় পথচারী আহমদ হোসেনসহ ৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় আহমদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় অপর ২ আহতরা হলেন মো. ফারুক (৩৫) ও মো. শওকত (৩৮)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পথচারী আহমদ হোসেন গুরুতর আহত হয়।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি আটক আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ থেকে ১৯ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫