মাইজভাণ্ডার দরবারের হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল–হাসানী ওয়াল–হোসাইনী আল–মাইজভাণ্ডারী (ক.)-এর ১৫তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আগামী ১৭ ও ১৮ আগস্ট দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সার্বিক তত্ত্বাবধানে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট এবং মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। ওরশ শরীফ উপলক্ষে প্রতিদিন বিশেষ নসিহত, জিকির–আযকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সমাপনী দিবসে আখেরি মুনাজাত পরিচালনা করবেন মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ওরশ শরীফ উপলক্ষে আগত আশেক, ভক্ত ও মুরিদানের নিরাপত্তা, আইন–শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ আগস্ট মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সেমিনার হলে প্রস্তুতিমূলক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মমিন। প্রধান অতিথি ছিলেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী । বিশেষ অতিথি ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসিন চৌধুরী, পল্লী বিদ্যুৎ (আজাদী বাজার)-এর ডিজিএম প্রকৌশলী ভজন কুমার বর্মন, আজিজুর রহমান, মো. রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী উচ্ছাস বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মহিউদ্দিন, রোসাংগিরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহারিয়া চৌধুরী, কাজী শহিদুল্লাহ, মাওলানা বাকের আনছারী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল–হাসানী ওয়াল–হোসাইনী আল–মাইজভাণ্ডারী ওরশ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।












