কর্ণফুলী উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম জেলা কার্যালয়। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া মাতবর বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস এবং তার স্ত্রী রুবি আক্তার। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দম্পতিকে তল্লাশি করা হয়। এ সময় রুবি আক্তারের শরীরে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে পেঁচিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বামী মোহাম্মদ ইদ্রিসকেও গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে–গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে তারা প্রায়ই তাদের আট মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে যাতায়াত করতেন। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই মাদক পাচার চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।











