লোহাগাড়ায় ক্ষেতে পড়েছিল নুরুল ইসলাম নুরু (৫৫) নামে এক কৃষকের মরদেহ। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম কলাউজান তেলিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরুল আলম একই ওয়ার্ডের চুরু বর পাড়ার মৃত বাঁচা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে নিজেদের ক্ষেতে সেচ দিতে যান কৃষক নুরুল ইসলাম। দীর্ঘক্ষণ পরও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে ক্ষেতে যান। এ সময় ক্ষেতে তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, তীব্র শীত সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে।
কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ফরমান উল্লাহ বলেন, স্বজনরা ক্ষেতে গিয়ে কৃষক নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। একইদিন নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।












