রিড হোল্ডিংসের যুগপূর্তি উৎসব

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

রিড হোল্ডিংস লিমিটেডের যুগপূর্তি উপলক্ষে ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা। তিনি বলেন, রিড হোল্ডিংসকে ঘিরে আমাদের স্বপ্ন কেবল বড় নয়, সুদূরপ্রসারী। তিনি জানান, রিড’কে কেবল একটি হোল্ডিং কোম্পানি হিসেবে নয়, বরং বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে মানুষের মনে জায়গা করে দিতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, কোচেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, অ্যাডভোকেট এ এম জিয়া হাবিব আহসান এবং চট্টগ্রাম বার কাউন্সিলের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে রিড হোল্ডিংস লিমিটেডের প্রকল্পভিত্তিক অডিওভিজ্যুয়াল উপস্থাপনা করেন প্রতিষ্ঠাতা ও উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া। পাশাপাশি রিড অর্কিড টাওয়ার (হালিশহর বিব্লক) এবং রিড তৈয়বুন হাইট্‌স (বহদ্দারহাট) প্রকল্পের ভূমি মালিক ও গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের চাবি হস্তান্তর ও উপহার সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে রিড হোল্ডিংস লিমিটেডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রাহকসহ বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত সহযোগী ব্যক্তি, ঠিকাদার, প্রকৌশলী, আইনজীবী ও উদ্যোক্তাদের কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চট্টগ্রামের পরিচিত ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদেরও অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, রিড হোল্ডিংসের প্রতিটি প্রকল্প আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। রিড হোল্ডিংসের এই ১২ বছর শেষ নয়, এটি নতুন এক যাত্রার সূচনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও বিদায়ী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসুযোগ এসেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার