৪৮ ঘণ্টার জন্য চট্টগ্রাম বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ

জরুরি পণ্য খালাস কার্যক্রম চলবে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪৮ ঘণ্টার জন্য চট্টগ্রাম বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বিশেষ ব্যবস্থায় জরুরি পণ্য খালাসের কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নির্বাহী আদেশে চট্টগ্রাম বন্দরে ৪৮ ঘণ্টার ছুটি চলছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে উক্ত ৪৮ ঘণ্টা বন্দরের নিয়মিত অপারেশনাল কার্যক্রম স্থগিত থাকবে। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় খাদ্য, ত্রাণ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য শর্তসাপেক্ষে কার্যক্রম চালু রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের পূর্বানুমোদন এবং বিধি অনুযায়ী অতিরিক্ত চার্জ পরিশোধ সাপেক্ষে জাহাজ ও লাইটারে এসব পণ্য খালাস করা যাবে। এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিচালক (ট্রাফিক) বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আগাম অবহিত করতে হবে। ছুটির সময়েও ট্রাফিক বিভাগের আওতাধীন পানগাঁও আইসিটি ও ঢাকাস্থ আইসিডিসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে প্রয়োজন অনুযায়ী জনবল বুকিং ও সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরে সীমিত পরিসরে কার্যক্রম সচল রাখতে জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ অনুমোদিত অন্যান্য ব্যাংকের বুথ, কাস্টমস হাউজে সোনালী ব্যাংক এবং শুল্ক বিভাগের সংশ্লিষ্ট শাখা ও সব প্রাইভেট ডিপোকে প্রয়োজনীয় জনবল রাখার অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
পরবর্তী নিবন্ধবাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র