পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আগামী ৩ বৈশাখ ১৪৩৩, ১৬ এপ্রিল ‘নতুন বর্ষের নতুন যাত্রা–১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করছে।
অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ওই দিন সকাল ৮:৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৈয়ব চৌধুরীর নেতৃত্বে বৈশাখী র্যালি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ওয়্যারলেস রেল গেইট হয়ে সিভাসুর সামনে দিয়ে প্রদক্ষিণ করবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসবে বৈশাখী মেলা। এতে থাকবে দেশের লোকজ শিল্পের বিভিন্ন উপকরণ, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠা–পুলি ও মিষ্টান্ন, এবং নানা ধরনের ঐতিহ্যবাহী ও বাহারি পণ্য। পাশাপাশি আয়োজন করা হবে ফ্ল্যাশমব, যেখানে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও প্রতিভাবান শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করবে লোকজ গান, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি ও আধুনিক সংগীত। বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উল্লেখ্য, এ আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামকে। প্রেস বিজ্ঞপ্তি।














