চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনতে হবে। আমাদের পাশের হার বাড়ছে। কিন্তুু মেধাবীর সংখ্যা বাড়ছে না। একজন শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পাশ করে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যায়, তখন ভর্তি পরীক্ষায় আর উত্তীর্ণ হতে পারে না।
শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত মান থাকার কথা তা আমরা পাচ্ছি না। তাই শিক্ষার্থীদেরকে বেশি করে পড়ালেখায় মনোযোগ দিতে হবে।
এই সরকার আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের শিক্ষার্থী করার জন্য কাজ করে যাচ্ছে। তাই আমরা চট্টগ্রামে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করব সে জন্য সম্মানিত অভিভাবক এবং শিক্ষকমন্ডলী আমাদেরকে সহযোগিতা করবেন।
গত শনিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ড.শহীদুল্লাহ্ একাডেমির উদ্যোগে গড়দুয়ারা কৃতী সন্তান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে শিক্ষক এ.জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ–পরিচালক মো.শহীদুল হক চৌধুরী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিয়ান তালুকদার, সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের সেক্রেটারি মো.গিয়াস উদ্দীন, মো. ইব্রাহীম তালুকদার, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. নিজাম উদ্দিন হাসান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এইচ.এম মহিন উদ্দিন, মো. শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম মো: আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আব্দুল আল মামুন চৌধুরীসহ অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এরপর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আল মামুন চৌধুরী হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় ১০৬ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স মহাতাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।









