জটিল রোগে ইন্টারনাল মেডিসিনের চিকিৎসকই অপরিহার্য–এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হয়েছে জাতীয় ইন্টারনাল মেডিসিন দিবস। দিবসটিকে কেন্দ্র করে গতকাল সকালে চমেক ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি হাসপাতালের আশপাশে প্রদক্ষিণ করে। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. হাবীব হাসান।
চমেক অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. উম্মে ফাতেমা এবং সহকারী অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এএসএম জাহেদ, সহযোগী অধ্যাপক ডা. আবদুর রব, ডা. কামরুল হাসান লোহানীসহ বিভিন্ন বিভাগের প্রধান, ফ্যাকাল্টিগণ, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, পোস্টগ্রাজুয়েট ট্রেইনি, অনারারি মেডিকেল অফিসার, ইন্টার্ন ডক্টরস ও নার্সিং স্টাফরা।
সেমিনারে ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সকালে পাঁচটি বুথে কার্ডিয়াক, রেসপিরেটরি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ইনফেকশাস ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজসহ বিভিন্ন জটিল রোগের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে ডেঙ্গু, হাম, বিগত কোভিড–১৯ মহামারী, চিকুনগুনিয়া ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় ইন্টারনাল মেডিসিন এর ডাক্তারদের ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।











