বাংলাদেশ রসায়ন সমিতির ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। এতে দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা হবে। একইদিন ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ হবে। প্রতিযোগিতায় নির্বাচিত কমপক্ষে ১০ প্রতিযোগী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আগামী ২৮ নভেম্বর।
চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত চার শিক্ষার্থী তাইওয়ানে অলিম্পিয়াডের বিশ্ব আসরে (১৯ জুলাই থেকে ২৭ জুলাই) অংশগ্রহণ করে বাংলাদেশকে তুলে ধরবেন। এর আগে বাংলাদেশের প্রতিযোগীরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন, তাইওয়ানের তাইপে, তুরস্কের ইস্তাম্বুল, সৌদি আরবের রিয়াদ, দুবাই, উজবেকিস্তান এবং থাইল্যান্ডে অংশগ্রহণ করে বিভিন্ন পদক অর্জন করে।
গতকাল বুধবার চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। ১৬তম রসায়ন অলিম্পিয়াডে আঞ্চলিক আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বক্তব্য দেন–প্রেস কনফারেন্সের কো কনভেনর সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, প্রফেসর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মঞ্জুরুল করিম, সুভাষ চন্দ্র দাশ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাবুল চন্দ্র নাথ, মো. আবদুল হান্নান, অধ্যাপক মো. নূরুল আনোয়ার, মো. আবুল হাসেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












