বোয়ালখালীর যুবলীগ নেতা নগর থেকে গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. নাসিরউদ্দিন ওরফে চাক্তাই নাসির নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশের সহায়তায় ওই থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিরউদ্দিন বোয়ালখালীর চরখিজিরপুর টেক্সঘর এলাকার বাসিন্দা হাজী পিয়ার মোহাম্মদের ছেলে। তিনি চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গত ২৪ অক্টোবর বোয়ালখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে নাসিরউদ্দিনের নাম উঠে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাকলিয়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন। বুধবার (গতকাল) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ চন্দনাইশ পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের কনফারেন্স
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি কিডনি রোগীদের