বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টিকারী, অবৈধভাবে সরকারি জায়গা দখলকারী ও মাদক কারবারি ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, তারা সমাজের শত্রু। তাদের কারণে যাতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। যুব ও ছাত্রসমাজ দেশের ভবিষ্যৎ। মাদকের থাবায় ফুলের মতো সুন্দর জীবন যাতে অন্ধকারে নিমজ্জিত না হয় সেজন্য প্রশাসনের সাথে সকল শ্রেণী–পেশার মানুষকে সার্বিক সহযোগিতা করতে হবে। কারণ প্রশাসনের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ, সরকারি জায়গা দখল, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দমন করা সম্ভব নয়।
গতকাল বুধবার হাটহাজারী উপজেলার মাসিক আইন–শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
সরকার প্রত্যেক সংসদীয় এলাকার উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিলেও হাটহাজারী সংসদীয় এলাকায় ১৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মীর হেলাল। উন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছতার সাথে পরিচালনা করার জন্য প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। সরকারি এই বরাদ্দের অর্থ দেশের সাধারণ জনগণের ট্যাঙের টাকা থেকে আসে বলেও উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ওসি মো. জাহিদুর রহমান, মাওলানা মীর ইদ্রিস, সড়ক ও জনপদ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি প্রমুখ।












