আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) টেকসই অর্থায়ন ও ব্যবসায়িক উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজিত ‘আইডিয়া থ্রাইভ বাংলাদেশ ২০২৬’ আইডিয়া প্রতিযোগিতা গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। আইআইইউসির ব্যবসায় প্রশাসন বিভাগ, হিট এটিএফ সাব–প্রজেক্ট পিআইএন ১৩৪৪৬–এর আওতাধীন সেন্টার ফর গ্রিন ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবল স্ট্র্যাটেজিস (সিজিএফএসএস) এবং ইয়ুথ মার্কেটিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মনোভাব এবং টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাকে বাস্তবমুখী উদ্যোগে রূপান্তরিত করতে হবে, যাতে তা দেশের অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়েল প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলী, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. নাজমুল হক এবং ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন। সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুর রহমান।
প্রতিযোগিতায় জমা পড়া আবেদন যাচাই–বাছাই করে চূড়ান্ত পর্বের জন্য ১৫টি দলকে নির্বাচিত করা হয়। নির্বাচিত দলগুলোর দক্ষতা উন্নয়নে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের উদ্যোক্তাসুলভ চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন হিট এটিএফ সাব প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন। চূড়ান্ত পর্বে তিনটি সেরা দলকে তাদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাময় উদ্যোগের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











