আমরা পুরো দলই আসলে নার্ভাস : সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। দলের হয়ে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন সাদমান ইসলাম। এদিন এই ওপেনার উইকেট বুঝেছেন ভালো, এমনটি দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দিন শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলছিলেন, ‘(সাদমান) সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে। ৫০–৬০ রানের ইনিংস অনেক খেলেছে, ইদানিং লম্বা হচ্ছিল না। সে নিজেকে নিয়ে কাজ করছে।’ সাদমানের নার্ভাস নাইন্টিতে থাকায় দলও নার্ভাস জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা পুরো দলই আসলে নার্ভাস। আমরা সবাই চাচ্ছিলাম সেঞ্চুরিটা হয়ে যাক। টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। এই ইনিংস তাকে পরবর্তীতে অনেক সহায়তা করবে।’ দিনের প্রথম সেশনে মোমিনুলের উইকেট বিলিয়ে দেয়া নিয়ে সালাউদ্দিন বলেন, ‘যখন প্রতিবার একই ভুল করবেন, কোনো না কোনো সমস্যা আছে। ওকে নিজেকেই বের করতে হবে কীভাবে এখান থেকে বের হয়ে আসবে। বলটা খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে ওপর দিয়ে চলে যেত।’

পূর্ববর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাল শুরু
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারাল বাংলাদেশ