প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসাইন মটরসের পৃষ্ঠপোষকতায় আগামীকাল ৩০ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬। রেকর্ড সংখ্যক মোট ১২১টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাডমিন্টন কমিটির সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান।
তিনি জানান, আগামীকাল ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিজেকেএস জিমনেসিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা হাসান মো. শওকত আলী। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের মোট ছয়টি ইভেন্টে মোট ১২১টি দল অংশগ্রহণ করছে।
এর মধ্যে বালক (অনূর্ধ্ব–১৪) ইভেন্টে ২১টি দল, বালক এককে (অনূর্ধ্ব–১৮) ১৬ টি দল, বালক দ্বৈতে (অনূর্ধ্ব–১৮) ২০টি দল, মহিলা দ্বৈতে ১১ টি দল, পুরুষ দ্বৈতে ১৮ টি ও প্রবীন দ্বৈতে (৪৫ উর্ধ্বে) ২৭টি দল রয়েছে। তবে পুরুষ একক এবং মহিলা এককের কোন ইভেন্ট রাখা হয়নি। চট্টগ্রামের হয়ে জাতীয় পর্যায়ে যারা খেলছেন তারা এই টুর্নামেন্টে অংশ নেবেন বলে জানানো হয়। টুর্নামেন্ট উপলক্ষে সিজেকেএস জিমনেশিয়ামে তিনটি মানসম্মত কোর্ট তৈরি করা হয়েছে। যা টুর্নামেন্ট পরবর্তী সময়েও খেলোয়াড়রা তাদের অনুশীলনে ব্যবহার করতে পারবেন। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনায় সিজেকেএস জিমনেসিয়াম বরাদ্দ প্রদান করে সহযোগিতা করায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও সিজেকেএস সদস্য সচিব মো. সালাহউদ্দিন এবং পৃষ্ঠপোষকতার জন্য স্পন্সর প্রতিষ্ঠান হোসাইন মটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানকে ধন্যবাদ জানানো হয় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নক আউট পদ্ধতিতে। উদ্বোধন পরবর্তী দিনের খেলাগুলি সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। আগামী ২ নভেম্বর সোমবার রাত ৯টায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ অর্থ, সনদপত্র ও অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপ– পুলিশ কমিশনার (সিটি এস বি), সিএমপি ও চেয়ারম্যান, ব্যাডমিন্টন কমিটি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা মো. গোলাম রুহুল কুদ্দুস ও স্পন্সর প্রতিষ্ঠান হোসাইন মটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ নওশাদ আলম, নির্বাহী সদস্য সেকান্দর কবির, মাহাবুবুল আলম মুকুল, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মেম্বার এডভোকেট হুমায়ন কবির হিমু, আবদুল গফুর পন্টি, আইনুল কবির জিতু, হায়দার খান, দেবাশীষ বড়ুয়া দেবু, মোহাম্মদ ফারুক প্রমুখ।












