দূষণ রোধে কক্সবাজারে সৈকতে ১২ ‘বর্জ্যমানবের’ বিচরণ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

সমুদ্র সৈকতের বালিয়াড়িতে হেঁটে চলছে ১২জন ভিন্ন অবয়বের প্রাণী। সবার শরীরজুড়ে প্লাস্টিকের বোতল, মগ ও ছোট বালতি। আবার কেউ সেজেছেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্জ্যের উপাদানে।

পরিবেশ নিয়ে সচেতন করতে এভাবেই বর্জ্য গায়ে জড়িয়ে কঙবাজার সমুদ্রসৈকতে আকস্মিক বিচরণে নামেন ১২ জন স্বেচ্ছাসেবী যুবক।

তাদের ব্যতিক্রমী উপস্থিতি পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে। ছড়িয়ে পড়ে কৌতূহল। পর্যটকদের অনেকে এই বর্জ্যমানবদের সঙ্গে ছবি তুলেন। কেউ আবার মোবাইল ফোনে ধারণ করেন ভিডিও। মূলত সাগরদূষণ রোধের গুরুত্বপূর্ণ বার্তা দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

গতকাল বুধবার সকাল আটটার দিকে কঙবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এই আয়োজন করা হয়। সমুদ্রদূষণ রোধে সমুদ্রে বর্জ্য না ফেলতেই এই বিশেষ আয়োজন। একই সাথে সৈকতের লাবণী পয়েন্ট থেকে প্লাস্টিক ও পরিবেশদূষণবিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন। শোভাযাত্রায় ১২ জন ‘বর্জ্যমানব’ অংশ নিয়ে সৈকতের বিভিন্ন স্থানে ঘুরে পর্যটকদের সচেতন করার চেষ্টা করেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কঙবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, গত ১০ দিনে অন্তত ১০ লাখ পর্যটক কঙবাজার ভ্রমণ করেছেন। এখনো এই শহরে লাখো পর্যটক অবস্থান করছেন। তিনি বলেন, পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকজাত বর্জ্যের কারণে সাগর দূষিত হচ্ছে। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবারান্দার মেঝেতে স্ট্রোক রোগীর চিকিৎসা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ওপর দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ