নির্ধারিত সময়েই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

আনোয়ারায় পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা নির্ধারিত সময়ের মধ্যেই চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। তিনি জানিয়েছেন, ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে শিল্পাঞ্চলটির দেশি বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিজন কান্তি সরকার। এ সময় শিল্পাঞ্চলের কার্যক্রম শুরুর প্রস্তুতি, অবকাঠামোগত উন্নয়ন এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তারা আমাদের জানিয়েছেন, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করবেন। এছাড়া পানি, গ্যাস ও বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে।

প্রথম কারখানা চালুর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ১৮ মাসের মধ্যে যে প্রথম কারখানা চালু হওয়ার কথা ছিল, সেটি নিয়েও কাজ চলছে। নির্দিষ্ট সময়েই প্রথম কারখানা চালু হবে। এর আগে গতকাল সকাল ১১টার দিকে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এঙপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শেষে চায়না শিল্পজোন চত্বরে বিজন কান্তি সরকার ও অতিথিরা গাছের চারা রোপণ করেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বিজন কান্তি সরকার কেইপিজেডে রাত্রিযাপন করেন। গতকাল সকালে কেইপিজেড পরিদর্শন শেষে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে যান। সেখানে পরিদর্শন ও মতবিনিময় শেষে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) উদ্দেশে রওনা দেন। পরিদর্শনকালে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৬৮টি ড্রেজার পাইপ ও এক্সকেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধনগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না : প্রশাসক