বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অন্তত ৬৮টি ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে। এ ছাড়া পুকুরিয়া ইউনিয়নে শিরোপা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের এঙকেভেটর জব্দ এবং সাঙ্গু নদীর সঙ্গে সংযোগকারী দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা ও ঈশ্বর বাবুর হাটের চৌধুরী ঘাটসংলগ্ন চারটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৬৪টি অবৈধ ড্রেজার পাইপ জব্দ করা হয়। এ ছাড়া সাধনপুর ইউনিয়নের দুটি স্থান থেকে আরও চারটি ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় শিরোপা বিল্ডার্সের বালু উত্তোলন কার্যক্রমে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন জানায়, শিরোপা বিল্ডার্সের চন্দনাইশ উপজেলার ডলুখাল বালুমহাল থেকে বালু উত্তোলন এবং পুকুরিয়ার ওই ডাম্পিং পয়েন্ট ব্যবহারের অনুমোদন রয়েছে। তবে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনের অনুমোদন প্রতিষ্ঠানটির নেই। এ অবস্থায় নদীর সঙ্গে সংযোগকারী দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির একটি এঙকেভেটর জব্দ করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামজিদুর রহমান তন্ময় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যেসব স্থানে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেসব বিষয়ে প্রয়োজনীয় যাচাই–বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











