সন্দ্বীপে সারিকাইত ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মাদ্রাসায় পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের খন্ডিল্লার গো বাড়ির ছানাউল্লার ছেলে। তিনি মারকাজুল নুর আল ইসলামীয়া মাদ্রাসার প্রধান পরিচালক। এ ঘটনায় সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল রাতে একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঈদুল আজহার ছুটির পর ক্লাস শুরু হলে ভুক্তভোগী শিশুটিকে তার মা মাদ্রাসায় যেতে বললে সে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে সে মাকে জানায়, সম্প্রতি শিক্ষক আল আমিন তাকে শয়ন কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। এর আগেও তিনি একই কাজ একাধিকবার করেছেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার আজাদীকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।












