নগরীর দক্ষিণ কাট্টলী থেকে কিশোরগঞ্জের বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাতে র্যাব–৭ চট্টগ্রাম ও র্যাব–১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনাম হোসেন প্রকাশ খোকন (৪৯) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে।
র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, বাজিতপুর থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন প্রকাশ খোকন মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় আত্মগোপনে থাকার সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ কাট্টালী এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।











