লংগদুতে আগুনে পুড়ে ছাই ৩ ফার্নিচার কারখানা, ২ বসতঘর

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুনে তিনটি ফার্নিচার কারখানা ও দুটি বসতঘর পুড়ে গেছে। আগুনে মূল্যবান কাঠ, তৈরি ও অর্ধসমাপ্ত আসবাবপত্র, যন্ত্রপাতিসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন তিন ফার্নিচার ব্যবসায়ী। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফার্নিচার ব্যবসায়ী আলালের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন এবং নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পাশের তরিকুল বাদশা ও রাসেলের ফার্নিচার কারখানা এবং বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি কারখানা, দুটি বসতঘর, মূল্যবান যন্ত্রপাতি, কাঠ এবং তৈরি ও অর্ধসমাপ্ত আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরিকুল বাদশা বলেন, এশিয়া ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। কয়েক ঘণ্টার আগুনে সব শেষ হয়ে গেছে। তিনজনই সর্বস্ব হারিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় লোকজন জানান, কারখানাগুলোতে বিপুল পরিমাণ কাঠ, আধুনিক যন্ত্রপাতি এবং তৈরি আসবাবপত্র ছিল। ব্যবসায়ীরা তাদের উপার্জনের প্রায় সব অর্থই ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। এখন জমি ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস হোসাইন বলেন, একসঙ্গে তিনটি পরিবারের সবকিছু ধ্বংস হয়ে গেছে। সরকারি জরুরি সহায়তা ছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। তিন ব্যবসায়ীর অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় শিশু শিক্ষার্থীসহ চারজন নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম নগরীসহ সারা দেশে তীব্র গ্যাসসংকট নিরসনের দাবি