সাইনিং স্পোর্টস একাডেমি ও আলো সিঁড়ি ক্লাবের জয়লাভ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেয়েছে সাইনিং স্পোর্টস একাডেমি ও আলো সিঁড়ি ক্লাব। গতকাল শনিবার সকালে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ১ম ম্যাচে সাইনিং স্পোর্টস একাডেমি ৫৬ রানে ইস্পাহানি রয়েল ব্রাদার্সকে এবং দ্বিতীয় ম্যাচে আলো সিঁড়ি ক্লাব ৫ উইকেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। দিনের ১ম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে সাইনিং স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইশতিয়াক সর্বোচ্চ ৪৮, শাহারুক ৪১ ও পারভেজ অপরাজিত ২৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় ইস্পাহানি রয়েল ব্রাদার্স। দলের পক্ষে হাফিজ সর্বোচ্চ ৪৯ ও সাজ্জাদ ২০ রান করেন। বল হাতে বিজয়ী দল সাইনিং স্পোর্টস একাডেমির ইশতিয়াক ২৬ রানে ৩ উইকেট ও সোলাইমান ২২ রানে ২ উইকেট এবং বিজিত দল ইস্পাহানি রয়েল ব্রাদার্সের মো. নাঈম ২৪ রানে ৩ উইকেট লাভ করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ সাইনিং স্পোর্টস একাডেমির মোহাম্মদ ইশতিয়াকের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম। দুপুরে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের পক্ষে রনি সর্বোচ্চ ৪০, মাহি ৩১ ও মোদার্সির ২৫ রান করেন। জবাবে আলো সিঁড়ি ক্লাব ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে নাজিমুদ্দিন সর্বোচ্চ ৪৩, মনজুরুল আলম অপরাজিত ৪১, নাজমুল হাসান ২৩ ও সাকিব ২০ রান করেন।

বল হাতে দারুণ নৈপুন্য দেখিয়ে বিজয়ী আলো সিঁড়ি ক্লাবের নাজমুল হাসান ২৫ রানে ৫ উইকেট এবং বিজিত দলের মামুন ৪৪ রানে ৩ ও রিয়াদ ৩৭ রানে ২ উইকেট লাভ করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ আলো সিঁড়ি ক্লাবের নাজমুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ (মামুন)। আজ ৮ অক্টোবর সকাল ৯টায় হাক্কানী একাদশ বনাম ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং দুপুর ১টায় পাহাড়তলী স্পোর্টিং ক্লাব বনাম চিটাগং সানরাইস ক্রিকেট একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাভেঞ্জার্স চট্টগ্রাম টেপ বলের ট্রফি উম্মোচন ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন