যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান–ওমান উপসাগরসংলগ্ন হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। তিনি এ ঘটনার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে একটি মানববিহীন সামুদ্রিক ড্রোনের সহায়তায় উদ্ধার করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, দুইজনই নিরাপদ আছেন এবং তারা আহত হননি। খবর বাংলানিউজের।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, দুইজন পাইলট এতে জড়িত ছিলেন, তারা দুজনই নিরাপদ ও আহত নন। তবে প্রয়োজনের তাগিদে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ হামলার জবাব দিতে হবে। তিনি আরও দাবি করেন, ইরান আমাদের অত্যাধুনিক একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে, যা হরমুজ প্রণালীর আকাশে টহল দিচ্ছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম) জানায়, সোমবার স্থানীয় সময় রাত আনুমানিক ৭টা ৩৩ মিনিটে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং দুই সেনা সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। সেন্টকমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি ওমান উপকূল সংলগ্ন অঞ্চলে টহল দেওয়ার সময় বিধ্বস্ত হয় এবং দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
ঘটনার আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেন, আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, তবে প্রয়োজনে অন্য ভাষাও খুব ভালোভাবে বলতে জানি। চুক্তি ভাঙলে আমরা আমাদের পরিচিত ভাষাতেই জবাব দেব। হেলিকপ্টার ভূপাতিত করার এই ঘটনায় যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া জানাবে, তা এখনো স্পষ্ট নয়।












