যুক্তরাজ্য পাড়ির পথে ৩ শতাধিক অভিবাসনপ্রত্যাশী অপহৃত

কিডনি কেটে নেওয়ার হুমকি

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে গতবছর গ্রীষ্মে তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে অপহরণ ও নির্যাতনের পর তাদের কিডনি কেটে নেওয়ার হুমকি দিয়েছিল লিবিয়ার এক মিলিশিয়া গোষ্ঠী। বিবিসি এক অনুসন্ধানের পর এতথ্য জানিয়েছে। অপহরণ ও নির্যাতনের শিকার যুবকদের সবাই ইরাকি কুর্দিস্তানের বাসিন্দা। খবর বিডিনিউজের।

লিবিয়ায় একটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী তাদেরকে আটকে রেখে প্রত্যেকের পরিবারের কাছে ৫ হাজার ডলার (প্রায় ৩ হাজার ৭০০ পাউন্ড) মুক্তিপণ দাবি করে। সময়মতো মুক্তিপণ না দিলে বন্দিদের কিডনি কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। মুক্তি পেয়ে ফিরে আসা কয়েকজন অভিবাসনপ্রত্যাশী তাদের ওপর চলা নির্যাতনের প্রমাণ দেখিয়েছেন। তাছাড়া জোর করে অস্ত্রোপচার করার কিছু ছবিও পাওয়া গেছে, তবে তা এখনও নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাবেক বন্দিরা জানান, প্রায় ১৮০ জনকে একটিমাত্র ছোট কক্ষে আটকে রাখা হয়েছিল।

এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং কতজন এখনও বন্দি আছেন তা স্পষ্ট নয়। অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়া হয়ে ভূমধ্যসাগর উপকূল পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা ছিল মিলিশিয়া গোষ্ঠীটির। কিন্তু ইরাকি কুর্দি মানবপাচারকারী নোয়াহ অ্যারনের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে বিরোধের জেরে অভিবাসনপ্রত্যাশীরা অপহৃত হন। অ্যারন ওই অভিবাসনপ্রত্যাশীদের যাত্রার আয়োজন করেছিলেন। অ্যারন বর্তমানে অর্থ পাচার ও মানবপাচারের অপরাধে ফ্রান্সে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। কার্দো জাফ নামের আরেক পাচারকারীকে নিয়ে সমপ্রতি বিবিসি’র অনুসন্ধান চলার সময় অপহরণের বিস্তারিত তথ্য সামনে এসেছে।

কার্দো জাফ গতমাসে গ্রেপ্তার হয়েছেন। অ্যারন এবং জাফ দুইজনই অতীতে একসঙ্গে কাজ করেছেন বলে ধারণা করা হয়। তারা দুজনই ইরাকি কুর্দিস্তানের রানিয়া শহরের বাসিন্দা। শহরটি সক্রিয় চোরাকারবারীদের নেটওয়ার্কে ভরপুর বলে জানানো হয়েছে যুক্তরাজ্যের থিংকট্যাংক চাথাম হাউজের প্রতিবেদনে। লিবিয়া উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার একটি অবৈধ মানবপাচার রুট। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, লিবিয়ায় সরকারি নিয়ন্ত্রণের ঘাটতি থাকায় অপরাধী চক্রগুলো সেখানে সক্রিয়।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, প্রাইভেটকার জব্দ