জামালখানে ভ্যান থেকে আবারও ২ মণ সবজি জব্দ

ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

নগরের জামালখান সিঁড়ির গোড়ায় ফুটপাত দখল করা ব্যবসায়ীদের কাছ থেকে আবারও সবজি জব্দ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে পরিচালিত এ অভিযানে ২ মণ বিভিন্ন ধরনের সবজি জব্দ করা হয়। পরে তা কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা ৭টি ভ্যান গাড়ি, টং দোকান ও ফুড স্টলের মালামালও জব্দ করা হয়।

এর আগে গত ১৭ নভেম্বর একই জায়গায় পরিচালিত অভিযানে ৩০ ধরনের বিভিন্ন সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।

গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। জামালখান ছাড়াও চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা ও লালদীঘির পাড় এলাকায় অভিযান চালানো হয় এদিন। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া ৪ জন দোকান মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়া এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই কিলোমিটার দুর্গম পথে ভরসা সাঁকো
পরবর্তী নিবন্ধসুজুকির নতুন গাড়ি বাজারে আনল উত্তরা মোটর্স