১৫ দোকান উচ্ছেদ,সিলগালা ৯ ভবন

বায়েজিদ ও বাকলিয়ায় সিডিএর অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে সিডিএর জায়গা দখল করে নির্মিত ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়া নকশাবহির্ভূত নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সিডিএর অথরাইজড অফিসার–১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে অথরাইজড অফিসার–১–এর আওতাধীন এলাকায় সিডিএর মালিকানাধীন জায়গায় অবৈধভাবে নির্মিত ১৫টি দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়। একই এলাকায় ১০টি ভবনে অভিযান চালানো হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। অপর একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ করার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা ফেরাতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার : ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার
পরবর্তী নিবন্ধদুই কিলোমিটার দুর্গম পথে ভরসা সাঁকো