ইউরোপীয় ইউনিয়নজুড়ে ১৩ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইইউ। এর চেয়ে বয়সে বড় শিশুদের ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহারে বিধিনিষেধ আসছে। বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে এ ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন।
ভাষণে তিনি বলেন, “১৩ বছরের নিচে কোনো সামাজিক মাধ্যম নয়। ১৫ বছরের নিচে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়।” ১৩ ও ১৪ বছর বয়সীরা অভিভাবকের তত্ত্বাবধানে সীমিত সুবিধাসহ ‘মিনি অ্যাকাউন্ট’ ব্যবহার করতে পারবে। এসব অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ এক ঘণ্টা সময় কাটানো যাবে বলেও জানান তিনি।
ইইউর নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন বৃহস্পতিবার ‘কিডস অ্যাক্ট’ নামে নতুন একটি আইনের প্রস্তাব করবে বলে জানিয়েছেন ফন ডার লায়েন। এই আইনে প্রমাণের দায় উল্টে যাবে। অর্থাৎ প্ল্যাটফর্মগুলোকে প্রমাণ করতে হবে যে তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ।
বড় প্রযুক্তি কোম্পানির ক্ষমতা নিয়ে তিনি বলেন, “অনেকেই মনে করেন বিগ টেকের ক্ষমতা এতই বিশাল যে তা ঠেকানো অসম্ভব। আমি একমত নই। ইউরোপের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে। নিয়ম ঠিক করব আমরা, বিগ টেক নয়।”
বেশির ভাগ বড় সামাজিক যোগাযোগমাধ্যম ইতিমধ্যে ১৩ বছরের নিচের শিশুদের নিষিদ্ধ বললেও এই নিয়ম কার্যকরভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে আইনপ্রণেতা ও অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলে আসছেন।
বাস্তবায়ন কত দূর
প্রস্তাবটি আইনে পরিণত হতে কয়েক বছর লেগে যেতে পারে। কারণ এটি ইইউ সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদন পেতে হবে। কয়েকটি দেশ আগেই নিজস্ব নিষেধাজ্ঞার পথে এগিয়েছে। গত জুলাইয়ে ফ্রান্সের আইনপ্রণেতারা ভোট দিয়ে ১৫ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ করা প্রথম ইইউ দেশ হয়েছিল। তবে পরে দেশটির সাংবিধানিক আদালত এই নিষেধাজ্ঞা বাতিল করে দেন। স্পেন, ডেনমার্ক ও সুইডেনও বয়সসীমা আরোপের পথে রয়েছে।
বিশ্বে প্রথম ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া, ২০২৫ সালের ডিসেম্বরে।
আইনি প্রতিষ্ঠান পিনসেন্ট ম্যাসনসের অংশীদার লাউরো ফাভা বলেন, কিডস অ্যাক্ট হবে ইইউর আরেকটি বিশাল আইন, যা ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ও এআই অ্যাক্টের সমতুল্য। তাঁর মতে, সদস্য দেশগুলোর আলাদা আইনের চেয়ে একক ও সুসংহত নিয়ম মানা কোম্পানিগুলোর জন্য সুবিধাজনক হতে পারে।
এআই নিয়ে অবস্থান
একই ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ফন ডার লায়েন আশাবাদ জানান। তিনি বলেন, ঠিকভাবে সামলালে এই প্রযুক্তি মানবজাতির উপকারে আসতে পারে। তবে ‘অকল্পনীয় মাত্রার হ্যাকিং’সহ ‘বিপুল ঝুঁকি’ মোকাবিলা করতে হবে। প্রযুক্তিটির উন্নয়নের গতি কমাতে এআই খাতের চেষ্টায় ইইউ কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে শীর্ষ এআই গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আলোচনায় ডাকবেন তিনি। অ্যানথ্রপিক, ওপেনএআই ও এক্সএআইয়ের প্রধানেরা সম্প্রতি এমন আহ্বান জানিয়েছেন।
সূত্র: সিএনএন












