তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনও চূড়ান্ত চুক্তি ছাড়াই ভেস্তে গেছে। খবর বিডিনিউজের। বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় প্রস্তাবিত খসড়া চুক্তিটি অত্যন্ত দুর্বল আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য দেশ তা প্রত্যাখ্যান করায় রোববার জাতিসংঘের এই জলবায়ু আলোচনায় চরম বিশৃঙ্খলা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কপ৩১ সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়া এই চূড়ান্ত খসড়াটি উপস্থাপন করেছিল। শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা সপ্তাহান্ত পর্যন্ত গড়ায়। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আলোচনার পর সমাপনী অধিবেশনে তুরস্কের কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম জানান, খসড়া চুক্তিটি অনুমোদিত হয়নি। তিনি বলেন, এটি স্পষ্ট যে, এই কক্ষে এমন বেশ কিছু দেশ রয়েছে, যারা এই খসড়ার বিরোধিতা করছে। আমরা স্বীকার করছি যে, এই নথির বিষয়ে কোনও ঐকমত্য নেই।
অতএব, এই সিদ্ধান্ত গৃহীত হয়নি। রোববারের সমাপনী অধিবেশনে ইইউসহ মার্শাল দ্বীপপুঞ্জ ও পানামার মতো কয়েক ডজন দেশ প্রকাশ্যে খসড়াটি প্রত্যাখ্যান করে জানায়, এটি বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়। কপ সম্মেলনের নিয়ম অনুযায়ী, যে কোনও সিদ্ধান্ত পাসের জন্য উপস্থিত প্রায় ২০০ দেশের সর্বসম্মতি প্রয়োজন। ফলে বেশ কয়েকটি দেশ আপত্তি জানানোয় কপ৩১ প্রেসিডেন্ট তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রস্তাবিত সিদ্ধান্তটি গৃহীত হয়নি বলে স্বীকার করেন। সব দেশের সম্মতিতে কোনও চুক্তি ছাড়াই জাতিসংঘের জলবায়ু আলোচনা সর্বশেষ ব্যর্থ হয়েছিল ২০০৯ সালে কোপেনহেগেনে। এবারের আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে কাজ করেছে যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মতো একাধিক বহুমুখী সংকট, যা বিশ্ব উষ্ণায়নের ফলে সৃষ্ট সমস্যাগুলোকে আড়াল করেছে। আয়ারল্যান্ডের জলবায়ু মন্ত্রী ও ইইউ প্রেসিডেন্সির প্রতিনিধি ডারা ও’ব্রায়েন জানান, খসড়া চুক্তিটিতে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এটিকে সমর্থন করতে পারেনি।
বিজ্ঞানীদের মতে, এই জীবাশ্ম জ্বালানিই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ। তিনি বলেন, এটি অকল্পনীয় যে, আমরা এমন একটি জলবায়ু চুক্তি করব যেখানে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ নেই, এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসারও কোনো কথা নেই। পানামাও জানিয়েছে যে, তারা বর্তমান খসড়াটিকে সমর্থন করতে পারছে না। কারণ, এটি জলবায়ু সংকটের তীব্রতা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশ সংস্থা নিশ্চিত করে যে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২.৭ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে আর এই ঘোষণার পর এটিই প্রথম কপ সম্মেলন।











