বহির্নোঙরে সোডা অ্যাশ বোঝাইয়ের সময় লাইটার জাহাজডুবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবোঝাইয়ের সময় সোডা অ্যাশবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জাহাজে থাকা নাবিক ও কর্মীদের উদ্ধার করা হলেও জাহাজটি সাগরে তলিয়ে যায়। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বালাসুর–১। একটি মাদার ভেসেল থেকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ লাইটার জাহাজটিতে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় হঠাৎ জাহাজটি একদিকে কাত হয়ে সাগরে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে বয়া স্থাপন করেছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ওই এলাকা দিয়ে অন্য নৌযানের চলাচল ও নোঙর না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, রোববার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে বয়া বসানো হয়েছে। সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে একটি মাদার ভেসেল থেকে এমভি বালাসুর–১–এ সোডা অ্যাশ বোঝাই করা হচ্ছিল। এ সময় লাইটার জাহাজটি কাত হয়ে সাগরে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই জাহাজে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি বন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপরিচয় বদলে আত্মগোপনে থাকা নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুন’ গ্রেপ্তার