সার্বিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি নিতেন ছয় লাখ টাকা

পাঁচ হাজার জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার যুবক কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

দক্ষিণ–পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি নিতেন ছয় লাখ টাকা। পাসপোর্টে বসিয়ে দিতেন সার্বিয়ার ভিসা ও স্টিকার, তবে সেটা ছিল জাল। বিমানবন্দরে যাওয়ার পর অভিভাসন পুলিশের যাচাইয়ের পর কেবল তা ধরা পড়ত। এভাবে দীর্ঘদিন ধরে সার্বিয়া পাঠানোর নামে প্রতারণা করে আসা আব্দুল মাবুদ (৫৩) নামে এক যুবককে পাঁচ হাজার জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে নগরের কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেইন কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আব্দুল মাবুদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। নগরের পাথরঘাটা বংশাল রোডে তার পরিবার বসবাস করে। ঢাকার মগবাজারে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। গতকাল রোববার বিকালেই মাবুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেপ্তার মাবুদের কাছ থেকে যে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটিতে জাল ভিসার স্টিকারগুলো লাগানো ছিল। তিনি একটি চক্রের সদস্য। এ চক্রের আরও সদস্য বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। তারা লোকজনকে বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ছয় লাখ টাকা করে নেন।

ওসি বলেন, লোকজনের বিশ্বাস স্থাপনের জন্য আগে থেকেই পাসপোর্ট নিয়ে রাখতেন। আর জাল স্টিকারগুলো লাগিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। সাধারণ লোকজন বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে প্রতারণার বিষয়টি টের পেতেন।

পুলিশ জানায়, মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় প্রতারণা ও পাসপোর্ট আইনের একটি মামলা আছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পুলিশের সোর্সকে গুলি করে পালালেন দুর্বৃত্তরা