রেকর্ড কিপার পদের নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতি করে এক প্রার্থীকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও পূর্বাঞ্চলের সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। এর মধ্যে মৃধাকে ২ বছর ও গোলাম কিবরিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে মামলার অপর আসামি সরোয়ার হোসেন খালাস পেয়েছেন। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় গোলাম কিবরিয়া কাটগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে অনুপস্থিত থাকায় মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এনামুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই–বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ জন অংশ নেন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন। তবে মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে গোলাম কিবরীয়া নিজে আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তনের অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। এতে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট প্রাপ্ত নম্বরের হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি চার্জশিট দাখিল হলে পরের বছর তথা ২০১৮ সালের ২৫ এপ্রিল চার্জ গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।










