জুলাই শরিকদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

নাশকতা রোধে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্য

আজাদী ডেস্ক | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫১ পূর্বাহ্ণ

জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে। পাশাপাশি অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ সোমবার মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে পারে।

খবরে বলা হয়, সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তুর সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।

বিডিনিউজের খবরে বলা হয়, বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরে–বাইরের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’

এদিকে প্রধানমন্ত্রী সংসদের ভেতরে–বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক দিয়েছেন তার প্রতিক্রিয়ায় কিছু শর্তের কথা বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেছেন, আমাদের আহ্বান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তরান্বিত করা। এ যে সামনে আমাদের আসন্ন গঙ্গাচুক্তি, সেখানে নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।

এক সপ্তাহের সফর শেষে গতকাল রোববার যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দরে নাহিদ ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন বলে তার প্রেস অফিস থেকে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদামপাড়া পুলিশ লাইনসের ফটকের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ
পরবর্তী নিবন্ধরেলের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড