একবিংশ শতাব্দীর এই তৃতীয় দশকে এসে আমরা এক অদ্ভুত ঘোরের মধ্যে বাস করছি। আমাদের চারপাশের চেনা পৃথিবীটা যেন খুব দ্রুত অচেনা হয়ে যাচ্ছে। এক সময় সকালবেলা খবরের কাগজের পাতায় চোখ বুলিয়ে বা চায়ের কাপে চুমুক দিয়ে যে আলসেমিমাখা দিন শুরু হতো, আজ তা দখল করে নিয়েছে স্মার্টফোনের নীল আলো আর অদৃশ্য এক বুদ্ধিবৃত্তিক শক্তির ইশারা। এই শক্তির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একে নিয়ে আমাদের ভয়, বিস্ময় আর উত্তেজনার শেষ নেই। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি আজ আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা হলো–যন্ত্র কি তবে মানুষের চিরন্তন মেধার স্থলাভিষিক্ত হতে চলেছে? নাকি যন্ত্রের এই মগজ আসলে মানুষেরই সৃজনশীলতার এক নতুন প্রসারিত রূপ? এই বিতর্কটি কেবল প্রযুক্তির নয়, বরং এটি আমাদের অস্তিত্বের ও সংস্কৃতির।
প্রথমেই একটা সত্য আমাদের মেনে নিতে হবে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো আকাশ থেকে পড়া অলৌকিক কিছু নয়। এটি আসলে মানুষেরই হাজার বছরের জমানো মেধা, শ্রম আর তথ্যের এক বিশাল সংকলন। আমরা যখন দেখি কোনো এআই চমৎকার একটি ছবি আঁকছে বা নিখুঁত গদ্য লিখছে, তখন আমরা আসলে কোটি কোটি মানুষের রেখে যাওয়া সৃজনশীলতার ছাঁচটাই যন্ত্রের মাধ্যমে প্রতিফলিত হতে দেখি। তাই এআই–কে কাজ করানো মানেই কিন্তু মেধার অপমৃত্যু নয়। বরং একটি এআই–কে দিয়ে সঠিক কাজটি করিয়ে নিতে যে পরিমাণ সূক্ষ্ম চিন্তা, কল্পনা আর ‘প্রম্পট‘ বা নির্দেশের কারুকার্য প্রয়োজন, সেখানেও মানুষের মগজই আসল কারিগরের ভূমিকা পালন করে। একজন ভালো লেখক যেমন কলম দিয়ে যুদ্ধ জেতেন, তেমনি বর্তমান যুগে একজন মেধাবী মানুষ এআই–কে একটি যন্ত্র হিসেবে ব্যবহার করে আগের চেয়ে দশ গুণ বেশি কাজ করতে পারেন। একে আমরা বলতে পারি মেধার আধুনিক রূপান্তর।
কিন্তু মুদ্রার উল্টো পিঠটি বেশ ধূসর। যখনই আমরা সবকিছু যন্ত্রের ওপর ছেড়ে দিয়ে নিজের চিন্তাশক্তিকে আলসেমির ঘরে তালাবন্ধ করে রাখি, তখনই বিপদ শুরু হয়। মেধার খরচ না করে কেবল কপি–পেস্টের সংস্কৃতি যদি আমাদের গ্রাস করে, তবে মানুষের নিজস্ব যে মৌলিকত্ব–যাকে আমরা ‘হিউম্যান টাচ‘ বলি–তা হারিয়ে যাবে। একটি যন্ত্র তথ্য দিতে পারে, উপাত্ত বিশ্লেষণ করতে পারে, কিন্তু সে কি পারে শরতের বিকেলের সেই উদাস করা মন খারাপকে শব্দে রূপ দিতে? সে কি পারে প্রিয়জনের বিচ্ছেদের সেই না–বলা হাহাকারকে কলমের ডগায় জীবন্ত করতে? পারে না। কারণ যন্ত্রের কোনো রক্তমাংসের হৃদয় নেই, তার কোনো স্মৃতি নেই, নেই কোনো শৈশব। মানুষের মেধা কেবল তথ্যের ওপর দাঁড়ানো নয়, এটি দাঁড়িয়ে আছে অনুভূতি, অভিজ্ঞতা আর দীর্ঘদিনের লালিত সংস্কৃতির ওপর। খবরের কাগজের পাতায় যখন একজন কলামিস্টই পড়ে না, পাঠক লেখকের আত্মার সাথে একাত্ম বোধ করে। এই জায়গাটি এআই কখনোই দখল করতে পারবে না।
তবে এআই–এর ব্যবহার মানেই যে তা খারাপ, এমন ভাবাটাও ঠিক হবে ন। বরং এআই–কে সঠিক পথে ব্যবহার করাটাও এক ধরনের বড় শিল্প। ধরুন একজন গবেষক তার গবেষণার বিশাল ডাটা প্রসেস করতে এআই ব্যবহার করছেন, এর ফলে তার অনেক সময় বেঁচে যাচ্ছে যা তিনি নতুন কোনো মৌলিক চিন্তায় ব্যয় করতে পারছেন। এখানে এআই তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহায়ক। কিন্তু যখন একজন শিক্ষার্থী তার নিজের ভাবনার বদলে পুরোটাই যন্ত্রের ওপর নির্ভর করে অ্যাসাইনমেন্ট জমা দেয়, তখন সেখানে মেধার বিকাশ রুদ্ধ হয়। এখানেই আমাদের সতর্ক হতে হবে। মেধা যেন যন্ত্রের গোলাম না হয়ে পড়ে, বরং যন্ত্র যেন মেধার দাস হয়ে থাকে। ভালো মন্দের এই দোলাচলেই আমাদের আগামীর পথচলা। এআই–এর মাধ্যমে এখন গভীর সমুদ্রে নিখোঁজ যান খুঁজে পাওয়া যাচ্ছে, দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি হচ্ছে–এগুলো তো মানুষেরই মেধার জয়। আবার একই প্রযুক্তি ব্যবহার করে যখন মানুষের কণ্ঠ নকল করে প্রতারণা করা হচ্ছে বা ভুয়া ভিডিও বানিয়ে সমাজকে অস্থিতিশীল করা হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে মানুষের মেধা যদি নৈতিকতাহীন হয়, তবে তা প্রযুক্তির চেয়েও বেশি ভয়ঙ্কর।
বর্তমান সময়ে আমরা যে প্রযুক্তিনির্ভর যুগে প্রবেশ করেছি, সেখানে এআই–এর কাজ করা মানেই মেধার অপচয় নয়, বরং এটি মেধার এক নতুন ধরনের খাটুনি। একে আমরা বলতে পারি ‘স্মার্ট হার্ডওয়ার্ক‘। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে যন্ত্র আমরা বানিয়েছি, সেই যন্ত্র যেন আমাদের মানবিক বোধগুলোকে গিলে না ফেলে। কাগজের পাতায় বা কলামে যখন আমরা কোনো লেখা পড়ি, আমরা সেখানে লেখকের পরিশ্রমের গন্ধ খুঁজি, তার চিন্তার গভীরতা খুঁজি। একটি যান্ত্রিক লেখা হয়তো তথ্যগতভাবে নিখুঁত হতে পারে, কিন্তু তাতে কোনো প্রাণ থাকে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সামনে এক অবারিত দিগন্ত খুলে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের মেধার আসল পরিচয় পাওয়া যাবে তখনই, যখন আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করেও নিজেদের স্বকীয়তা বজায় রাখতে পারব। আমরা যেন ভুলে না যাই যে, পৃথিবীটা শেষ পর্যন্ত মানুষের। যন্ত্র আমাদের সেবা করবে, আমাদের কাজ সহজ করে দেবে, কিন্তু আমাদের স্বপ্ন দেখার কাজটা আমাদেরই করতে হবে। যারা ভাবেন এআই মানুষের সৃজনশীলতাকে শেষ করে দেবে, তারা হয়তো মানুষের মেধার অসীম ক্ষমতাকে ছোট করে দেখছেন।
মানুষ বারবার নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। আগুন থেকে শুরু করে ইন্টারনেট–প্রতিটি ধাপে মানুষ নিজেকে বদলেছে কিন্তু নিজের অস্তিত্ব হারায়নি। এআই–এর এই ঝোড়ো হাওয়ায় আমরা যেন নিজেদের শেকড়টা শক্ত করে ধরে রাখি। আমাদের মগজ যেন প্রযুক্তির কাছে বন্ধক না পড়ে। মানুষের মেধা আর যন্ত্রের কৃত্রিম বুদ্ধির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে সেই মানুষেরই, যে হৃদয়ের মমত্ববোধ আর মাথার বুদ্ধি–এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে জানে। কারণ যন্ত্র কেবল উত্তর দিতে জানে, কিন্তু প্রশ্ন করার ক্ষমতা কেবল মানুষেরই আছে। আর এই প্রশ্ন করার ক্ষমতা, কৌতূহল আর মেধার সঠিক প্রয়োগই আমাদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখবে অনন্তকাল। আমরা এগোব প্রযুক্তির হাত ধরে, কিন্তু আমাদের যাত্রাপথের মানচিত্রটা আঁকা থাকবে মানুষেরই মেধার রঙে।
লেখক : কবি, প্রাবন্ধিক, শিক্ষক












