‘All roads lead to Rome‘ অনেক পুরোনো একটি প্রবাদ। ১১৭৫ সালে ল্যাটিন ভাষায় অ্যালাইন ডি লিল (Alain de Lille) প্রথম এটি লিখেছিলেন এবং ১৩৯১ সালে জিওফ্রে চসার (Geoffrey Chaucer) প্রথম এর ইংরেজি অনুবাদ করেন। কথাটি মনে এলো ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তিনদিন (১৫–১৭ নভেম্বর) ব্যাপী ৪৯তম আসিয়ান (ASEAN) সম্মেলন দেখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন শক্তিধর থেকে শুরু করে কম–শক্তিধর রাষ্ট্রের সরকার প্রধানরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনের শেষ দিন আজ (১৭ নভেম্বর)। এই লেখা যখন লিখতে বসেছি তখন টিভি পর্দায় দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নৈশভোজে ভাষণ দিচ্ছেন। চিরপরিচিত ভঙ্গিতে তিনি নিজের শাসনকালীন সময়টা যুক্তরাষ্ট্রের সেরা–সময় বলে দাবি করেন। এই সম্মেলনে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। পরিবর্তে যোগ দিয়েছেন চীনের প্রধান মন্ত্রী লি ছিয়াং। অবশ্য অন্য কোন কারণে নয়। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, সামপ্রতিক বছরগুলিতে চীনের প্রধান মন্ত্রীই সাধারণত আসিয়ান–সংক্রান্ত শীর্ষ সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান–সম্মেলন সেরে তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। এই লেখা যখন ছাপার অক্ষরে বের হবে ততদিনে সেখানে ট্রাম্প–সি–পুতিন – বিশ্বের এই তিন অতি ক্ষমতাধর রাষ্ট্রনেতাদের শীর্ষ বৈঠক শেষ হয়ে যাবে।
বর্তমান ভৌগোলিক অস্থির পরিস্থিতিকে সামনে রেখে ট্রাম্পের এই দুই দেশ সফর ও সম্মেলন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। ডোনাল্ড ট্রাম্পের আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ কেবল একটি কূটনৈতিক সফর নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এর পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো–প্যাসিফিক কৌশল, চীনের সঙ্গে প্রতিযোগিতা, বাণিজ্য, দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা এবং এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার মত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলির বিরাজমান সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায়, ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কে রাখা যায় এবং পাশাপাশি চীনের প্রভাব এককভাবে বেড়ে না যায় সেটিও ট্রাম্পের জন্যে এই সম্মেলনের বড় লক্ষ্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ম্যানিলায় আসিয়ান সম্মেলনের মূল লক্ষ্য সম্পর্কে কিছু আলোকপাত করার আগে একটু দেখে নেই আসিয়ান জোট সম্পর্কে। অঝঊঅঘ এর পূর্ণরূপ হলো Association of South Asian Nations যার বাংলা দাঁড়ায়, দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির জোট। ইউরোপে যেমন ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের দেশগুলির নিজেদের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ দেখে, ঠিক তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি নিজেদের স্বার্থ রক্ষার জন্যে ‘আসিয়ান‘ গঠন করে। ১৯৬৭ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত এই সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১১ এবং রাষ্ট্রগুলি হলো: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার এবং তিমুর। আগেই বলেছি, এর উদ্দেশ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। তবে এই লক্ষ্যে সংস্থা কতটুকু সফল হয়েছে সে প্রশ্ন থেকেই যায়। কয়েকটি বাদে ‘আসিয়ানের‘ সদস্য রাষ্ট্রগুলি তেমন শক্তিশালী নয়, অর্থনৈতিক কিংবা সামরিক শক্তি বিবেচনায়। প্রশ্ন আসে– তারপরও কেন ‘আসিয়ান‘ পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের কাছে এতো গুরুত্বপূর্ণ? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, এশিয়ায় চীনের প্রভাবে ভারসাম্য তৈরী করা, মার্কিন কোম্পানির বিনিয়োগ বাড়ানো, সামুদ্রিক–বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। অন্যদিকে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, চীনেরও রয়েছে অনুরূপ স্বার্থ। প্রথমত, চীন আসিয়ানের বড় বাণিজ্যিক অংশীদার, আসিয়ান–ভুক্ত দেশগুলি চীনের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং সব চাইতে বড় কথা দক্ষিণ চীন সাগর চীনের কৌশলগত স্বার্থ। এই সমস্ত কারণে দুই বৃহৎ শক্তি – আমেরিকা ও চীন– দুই দেশই ‘আসিয়ানের‘ সাথে তাদের সম্পর্ককে গুরুত্বের সাথে দেখে এবং এই কারণে দুই দেশের নেতা আসিয়ানের সাথে বৈঠকে আগ্রহী। অন্যদিকে, অর্থনৈতিক ও সামরিক শক্তিকে তেমন শক্তিশালী না হলেও আসিয়ানের বড় শক্তি হলো এর ভৌগোলিক অবস্থান এবং সম্মিলিত অর্থনৈতিক গুরুত্ব। এর যে ১১টি সদস্য রাষ্ট্র রয়েছে তার জনসংখ্যা প্রায় সাড়ে ৬৮ কোটি এবং এর সম্মিলিত অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের একটি। অতএব, একে এড়িয়ে চলা বা গুরুত্ব না দেয়া চীন কিংবা আমেরিকা কোন বৃহৎ শক্তির পক্ষেই সম্ভব নয়।
আসিয়ান সম্মেলনের আর কটি গুরুত্বপূর্ণ দিক হলো আসিয়ান–সম্মেলনে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের রাষ্ট্রপ্রধানদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের পৃথক বৈঠক। সেই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র সহ এই চারটি দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো–পেসিফিক অঞ্চলের অংশীদার হিসাবে বর্ণনা করেন। সেখানে তিনি এই চারটি দেশে AI (এ আই)- প্রযুক্তির উন্নয়নের জন্যে একটি নুতন AI (এ আই) এক্সসিলেরেটর (accelerator) চালুর কথা জানান। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা হলো ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো। কারণ দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক ও নৌ–প্রভাব নিয়ে আমেরিকা, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার উদ্বেগ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ম্যানিলায় এই বৈঠকের মধ্যে দিয়ে আমেরিকা সম্ভবত চীনকে এই বার্তা পৌঁছে দিতে চাইছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এশীয় মিত্ররা এখনো তাদের সাথে রয়েছে এবং এ আই, চিপ, সামুদ্রিক নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে আমেরিকার নিজস্ব কৌশল রয়েছে।
চীনের শীর্ষ বৈঠক: সবার দৃষ্টি এরপর চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত বিশ্বের তিন মোড়লের শীর্ষ বৈঠক। ট্রাম্প ছাড়াও সেখানে উপস্থিত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প–পুতিন ও সি–এই বৈঠক ঐতিহাসিক। কেননা এই তিন নেতার এক সাথে এই প্রথম বৈঠক। এই বৈঠক তিন নেতার শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়। পারমাণবিক অস্ত্র, ইরান যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং ভবিষৎ বিশ্বব্যবস্থা বা ‘ওয়ার্ল্ড অর্ডার‘ নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের কূটনৈতিক হিসাব রয়েছে এই শীর্ষ বৈঠকের আলোচনার সূচিতে। বিষয়টি আর একটু ব্যাখ্যা করলে বলা যায়, ট্রাম্প চাইবেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা ছাড়াও ইরান যুদ্ধের উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করা। সেটি সম্ভব হলে নিজ দেশে সমপ্রতি মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের যে শোচনীয় পরাজয় হয়েছে সেই গ্লানিকে কিছুটা হলেও মুছে ফেলা সম্ভব হবে। অন্যদিকে, চীনের নেতা শি জিনপিং হয়তো চাইবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে চীনের প্রভাব আরো বাড়ানো এবং রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখা। রুশ প্রেসিডেন্ট পুতিন চাইবেন তার দেশের উপর ইউরোপীয় দেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ কমানো এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থানকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া। এদিকে প্রকাশিত এক সংবাদে জানা যায়, ইউক্রেন–যুদ্ধ নিয়ে এই তিন নেতার বৈঠকে আলোচনা হবার সম্ভাবনা কম। পুতিন চান বিষয়টি আলোচনায় আসুক। তবে চীন বিষয়টি নিয়ে এই বৈঠকের আলোচনায় রাখার পক্ষপাতী নন। ঐ সংবাদে জানা যায় প্রেসিডেন্ট ট্রাম্পও এই বৈঠকে ইউক্রেন–যুদ্ধকে প্রধান আলোচ্য বিষয় করতে চাননা। আলোচনার ফলাফল কী হবে সেটি হবে দেখার বিষয়। তবে সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি, তিন শীর্ষ নেতার এই যে সরাসরি আলোচনায় বসা– এটিই হবে এই বৈঠকের একটি বড় প্রাথমিক অর্জন। আর এই তিন পরাশক্তি যদি আলোচনার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং সামরিক যোগাযোগ নিয়ে একমত হতে পারেন, তবে আগামীতে এই বিশ্ব বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকে রেহাই পাবে। বিশ্বের শান্তিপ্রিয় জনগণ তাই চায়। (১৭–১১–২০২৬)
লেখক : সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট।












