আজ থেকে ঠিক এক যুগ আগে আমার প্রিয় আম্মাজান আমাদের ৮ ভাই–বোন কে রেখে চিরতরে চলে গেলেন না ফেরার দেশে। যেখান থেকে ফেরে না কেউ। এভাবেই সবাইকে চলে যেতে হবে সে দেশে–যেটা হবে সমস্ত মাখলুকাতের স্থায়ী নিবাস, ‘তুমি বল, অবশ্যই সেই মৃত্যু যার কাছ থেকে তোমরা পালিয়ে বেরাচ্ছো, তোমাদের তার সামনাসামনি হতেই হবে, তারপর তোমাদের সেই মহান সত্তা আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা ও অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন, অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দিবেন তোমরা দুনিয়ার জীবনে কে কি করছিলে?’- সূরা– জুমুয়াহ–০৮। আমার মা ছিলেন একাধারে একজন পরহেজগার নারী, পর্দানশীন এক আল্লাহভীরু মহিলা–যিনি তার সন্তানদের শাসন করতেন কঠোরভাবে। আর এতে করে তাঁর সন্তানেরা জীবনের সর্বক্ষেত্রে সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। দশ বছর আগে আমাদের বড় ভাই আবু তাহের চৌধুরী চলে গেলেন মহান রবের সান্নিধ্যে। দুই মহান অভিভাবক শূন্য আমরা সাত জন–যারা ছিলেন আমাদের পরিবারের কর্ণধার। ২০১৪ সালের ২৩ নভেম্বর সুব্হে সাদেকের সময়, যখন মুয়াজ্জিনের মধুর কন্ঠে ভেসে উঠল আযানের সুর, পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল সকালের সফেদ আকাশ, ঠিক তখনি আমার প্রাণপ্রিয় আম্মাজানের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় চিরতরে, চলে গেলেন না ফেরার দেশে।
হাজারো গুণে গুণান্বিত আমার ‘মা’ তৎকালীন যুগের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আমীর আলী ছাহেব, যাঁর শিষ্য ছিলেন মুফতী ফয়জুল্লাহ (রহ.) (প্রতিষ্ঠাতা, মেখল মাদ্রাসা, হাটহাজারী), তাঁর আদুরে দ্বিতীয় কন্যা ছিলেন আমার প্রিয় আম্মা। একদিন চবি লোক–প্রশাসন বিভাগের সিনিয়র প্রফেসর (সিলেক্শন গ্রেড প্রাপ্ত–অতিরিক্ত সচিব পদমর্যাদার) মরহুম আবদুন্ নুর স্যার এর আব্বাজানের কথা বলতেই আম্মা বলে উঠলেন ‘হাতকাটা হাফেজ কাদের’– শুনে তাজ্জব বনে গেলাম। ৯০ বছরের এ অশীতিপর বৃদ্ধার কেমন স্মৃতির প্রখরতা, এমনি বহু পুরনো ঘটনা আমার আম্মা বলতে পারতেন–যা শুনে আমরা ভাই–বোনেরা অবাক হয়ে যেতাম। জীবনের শেষ প্রান্তে এসেও খালি চোখে পড়তে পারতেন পবিত্র কুরআনুল করিমের আয়াতসমূহ।
দু’দুটি দুর্ঘটনা আমার আম্মার জীবনকে দিয়েছে শেষ দিনের দুঃসংবাদ, শরীরের সবচেয়ে লম্বা অস্থি ‘Femur’ Gi Neck Fracture, এ বয়সে হওয়াটা স্বাভাবিক, তা–ই হলো। কোন একদিন ফজরের নামাজের সময় নিজ বিছানা থেকে উঠতে গিয়ে মেঝেতে পড়ে গেলেন। মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলো আম্মাকে। কন্সালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডা: হোসেন আহমদ ও বন্ধুবর ডা: এটিএম রেজাউল করিমের নেতৃত্বে বিশেষজ্ঞ সার্জন টিম অস্ত্রোপচার করলেন, সুস্থ হলেন। নিজস্ব আবাসে ফিরে গেলেন সহসাই। কিন্তু অমানিশার ঘোর আঁধার কাটে না, নির্জলা আঁধারের ভেতর বেড়ে ওঠে কৃত্রিম আকাশ, অপরিণত আবেগ। দু’সপ্তাহের ব্যবধানে নিজে নিজে walker– এর সাহায্যে হাঁটতে গিয়েই ঘটলো চরম বিপত্তি। পৃথিবীর চাঁদগুলো খসে পড়ে মাথার উপর, গর্ভবতী প্রেম তখন লক্ষ কিলোমিটার দূরে, যোজন যোজন দূরত্বে চলে যায় নিশ্চিদ্র অহংবোধ, রচিত হয় একটি সম্পূর্ণ ইতিহাস, শ্রদ্ধার্ঘ্য আর ফুলেল মৃত্তিকা। আবারো ন্যাশনাল হাসপাতাল– মাত্র চার দিনের মাথায় অস্ত্রোপচার– আর্থিক জৌলুস আর পার্থিব সুখ–বিলাস তখন আমার সংসারে। সাতকানিয়া আশ–শেফা হাসপাতাল থেকে দ্রুত চলে আসি। অস্ত্রোপচার কক্ষ করিডোরে, দেখি একজোড়া প্রিয় মানুষ পায়চারি করছেন উর্ধ্বশ্বাসে … সহাস্য বদনে অভিনন্দিত হই আমি। একজন অকৃতজ্ঞ ছেলের প্রিয় আম্মাজান অপারেশন টেবিলে–নাটোরের বনলতা সেনের মতন জ্বল জ্বল করছে দু’টি চোখ–সারা পৃথিবীর অশ্রু যেন রেটিনার গভীরে, পোষ্ট অপারেটিভ রুম থেকে কেবিনে নিয়ে আসি আম্মাকে– ২১ নভেম্বর’১৪ শুক্রবার সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটে। বন্ধুবর ডা: হারুন–অর–রশিদ এর পরামর্শক্রমে আইসিইউতে স্থানান্তর করি। সারারাত নি:সঙ্গ, একাকী, ৯০ বছরের পরহেজগার একজন মা শুয়ে আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিছানায়, অভাগা আমরা ৮ ছেলে–মেয়ে কেউ ছিলাম না সাথে–ঘুম পাড়ানি মাসি–পিসির গল্প শোনাতে শোনাতে যিনি আমাদের ঘুম পাড়াতেন, আপাদমস্তক ভেজা সমস্ত দস্তরখান, চাদর, নিষ্ঠুর হননি কখনো, ঝর্ণাধারার হাসিতে মিশে যেত বেদনার মুহূর্তগুলো। সে–ই মা‘কে একা ফেলে আমরা সবাই শান্তির নীড়ে, বেহেশতী বালাখানায়, নিজেকে বড্ড অসহায় মনে হয়। ২২ নভেম্বর নিজস্ব কর্মস্থল রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল– অবস্থান শেষে সরাসরি ন্যাশনাল হাসপাতাল– একপলক দেখেই অর্থনীতির আবরণ ভেদ করে বাতাসের গতির সাথে মেট্রোপলিটন সড়ক দিয়ে হাঁটি। রাতে এসে দেখি, ছোট্ট শিশুর মতন ঘুমাচ্ছেন আমার প্রিয় মা, যাঁকে সময় দিতে পারিনি পর্যাপ্ত, আগ্রহী হয়ে ওঠেন দু’টি বাক্য বলার জন্য। পেশাগত ব্যস্ততা আর পৃথিবীর প্রাচুর্যের কাছে রীতিমত অসহায়। আফসোস প্রিয়তমা মা–এর পাশে বসে দু’চারটি কথার বলার অদম্য ইচ্ছা আর হয়তো কোনদিন হবে না। কেমন নিষ্ঠুর এই আমি– এ–ই রাতটুকুন কাটাতে পারিনি আম্মার সাথে, চলে গেলাম অক্সিজেনস্থ আবাসে। লুৎফা আপার টেলিফোনে ভেঙ্গে গেল আনন্দের ঘুম। হাউ মাউ করে কেঁদে ওঠলো, বুঝার বাকি নেই, আমার মা–আর নেই। এক নি:শ্বাসে ছুটে গেলাম ন্যাশনাল হাসপাতাল পানে। অবুঝ শিশুর মতন মৃত্যুর বিছানায় একজন গর্ভধারিণী মা, যাঁকে আর কোনদিন মা বলে ডাকতে পারবো না। ধীরে ধীরে শোকের রাজপথ হয়ে ওঠে সংক্ষুব্ধ তপ্ত যৌবনের আলোকিত রশ্মি–আত্মীয়–স্বজনদের আনাগোনা; বেদনার ছায়াপথকে ঘিরে ধরে সবাই যেন। করুণ সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে দলিলাবাদ গাঁ, জীবনের পঁচাত্তরটি বসন্ত কেটেছে আমলকির পাতায় পাতায়, প্রিয় মুখখানি দেখে হু হু করে ওঠে শিশু, যুবা, বৃদ্ধা সবাই– যেন অনেক দিনের চেনা ইউক্যালিপ্টাস। যাবতীয় ধর্মীয় কর্মসম্পাদন শেষে আম্মাজানের কফিন নিয়ে ছুটে চললাম কবরস্থানের দিকে–যেখানে আমার মরহুম আব্বাজান শুয়ে আছেন–যিনি আমাদের ছেড়ে চলে গেছেন ৯০’ এর ১৫ মার্চের কোন এক শিশিরভেজা সকালে। আব্বার পাশে শায়িত করে এলাম আম্মাকে, আমার নানার প্রতিষ্ঠিত রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার পার্শ্বস্থ কবরস্থানে প্রিয় আম্মাজানকে রেখে আসলাম অতি সন্তর্পণে। কানায় কানায় পূর্ণ এমদাদুল ইসলাম মাদ্রাসা চত্বর– যে মাদ্রাসায় আমার নানার জন্য দুপুরের খাবার নিয়ে আসতেন আম্মাজান কৈশোরকালে। স্মরণকালের বৃহত্তম এই জানাজায় সর্বস্তরের মানুষদের অংশগ্রহণ আমাদের শোককে ভুলে যাবার পথকে করেছে প্রশস্ত।
আমার ‘মা’ পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ– অকৃত্রিম ভালোবাসার মাইলপোস্ট, হৃদ্যতার মেলবন্ধন। এখনো আমার মা’কে খুঁজি দলিলাবাদ গ্রামের পাতায় পাতায়, গুল্মে গুল্মে, লজ্জাবতীর পরতে পরতে ও দুস্থ মানবতার হৃদয়ে হৃদয়ে, যাঁদের তিনি সবচে’ বেশী ভালোবাসতেন, অকাতরে বিলিয়ে দিতেন সবকিছু, ফিরিয়ে দিতেন না কাউকেই। তাইতো আম্মার প্রতিদিনের সকালের আসর ছিল তাঁদেরকে নিয়ে–পানমুখে একগাল ভরা হাসিতে মুখরিত হতো বাড়ীর ওঠোন। অবহেলিত মানুষদের ভালোবাসা, দোয়া আর তাঁর নেক্কার জিন্দেগীর কারণে মহান আল্লাহ্ রাব্বুল আলামিন হয়তো তাঁকে দান করবেন সবচাইতে সম্মানিত স্থান, অধিষ্ঠিত করবেন বেহেস্তের শ্রেষ্ঠতম অঞ্চলে। পাশের বাড়ীর চাচী (আলী আকবরের মা)- বেতবনে নিক্ষিপ্ত কৈশোরকাল। সহাস্যবদনে বিশ্বাসেরা মিশে যায় তারুণ্যের মেঘমালায়, যুথবদ্ধ ইশারায় এই আমি, যেন চেনা–অচেনার বিমূর্ত সমীকরণ। সারাবেলা ছিলাম শৈল্পিক অট্টালিকায়। ধীরে ধীরে গর্ভবতী আমার ব্যক্তিগত মনন, চেতনার বাতিঘর। পরে বুঝলাম আমি, আমি–ই অন্যরকম এক প্রতিকৃতি। চাচী, আমায় ক্ষমা করো। আমি ফিরে যাচ্ছি নৈশব্দ্যের কোলাহলে, সূর্যের শহরে। আজ দীর্ঘ এক যুগ পর এখনও মনে পড়ে মা তোমায়– তুমি ছিলে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব, আদর্শ। তোমার দামী কথাবার্তা এখনও আমাদের প্রাণের স্পন্দন জাগিয়ে দেয় অবিরত। মহান রব যেন তোমায় জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মাকাম দান করুন, আমিন।
লেখক: সভাপতি, রাউজান ক্লাব, অধ্যাপক (ইএনটি)-অবসরপ্রাপ্ত, রাঙ্গামাটি মেডিকেল কলেজ












