আরহে! কেমন যেন সন্দেহজনক ও একটু বেশী লোমশ মনে হল হাতটি! আসলেই কী তাই? হ্যাঁ শীতের ভরসন্ধ্যার আলোআঁধারিতে মাত্রই যে হাতটি আবায়ার নীচ থেকে বেরিয়ে বাড়িয়েছিল গ্রীবা জানালা গলে আমার দিকে, তা কী দেখেছিলাম ঠিক? নাকি, মরুর মরীচিকার মতো এও বিভ্রান্তিই কোনো?
গত একবছরের নানান সময়ে শুনেছি, এখানকার চোর, ছ্যাঁচড়, ডাকাত, বাটপার, ধর্ষকেরা, আবায়ার ঘোরটোপে থেকে নাকি, নিরাপত্তারক্ষীদের ও সাধারণের চোখ ফাঁকি দিয়ে, ধরে শিকার নিশ্চিন্তে! নানান অভিজাত মল ও রেস্টুরেন্টের নারীদের টয়লেটে আবায়াবৃত হয়ে ঢুকে ওরা ওত পেতে থেকে শিকার ধরার জন্য। নিউরনে জমে থাকা ঐ সব তথ্যই কি এই বিভ্রান্তির কারণ? ঐ হাত কী ভিক্ষার জন্যই বাড়িয়েছিল, নাকি সুযোগ খুঁজছিল মোবাইল ছিনতাইয়ের। যদিও অপসৃত হয়েছে সে হাত পেছনের গাড়ীর জানালায়, তারপরও উসখুস করছে মনে। আহ! বাঁচা গেল, জ্বলেছে সবুজবাতি।
আমার বাসার সামনের হাইওয়ের ট্রাফিক সিগন্যালেও কিছু বাচ্চা ও আবায়াআবৃত নারী ভিখারীরা যে থাকে দেখে আসছি শুরু থেকেই। দেশে এই ধরনের ট্রাফিক সিগন্যাল ভিক্ষুকদের বেশীরভাগ সময় অবলীলায় উপেক্ষা করলেও, করি না এখানে।এ প্রসঙ্গে মনে পড়লো, এখানে আসার পর পেছনে আমাকে মিসকিন অভিধায় ভূষিত করা ফাহাদ আল হিন্দিকে কথায় কথায় বলেছিলাম, রাস্তায় যখনই সৌদি মিসকিন দেখি, নিরাশ করি না তাদের।তীব্র আপত্তিতে বলেছিল ফাহাদ, এই ভিক্ষুকরা নাকি বেশীরভাগই ইয়েমেনি। সুদানি আর পাকিস্তানিও আছে।’ আরেহ, ঐ যে আইকিয়ার স্টোর! এই হাইওয়েতে উঠেছি আজই প্রথম। ঘরের এতো কাছে আইকিয়া আছে, জানতাম না। হুম আসতে হবে শিগগির। খুব জরুরি না হলেও, ঘরের টুকটাক জিনিসপত্র কেনার আছে। নাহ, রাস্তায় মনোযোগ দিতে হয়। এমনিতেই দেরি হয়েছে। রওয়ানা করেছি পাপ্পু ভাইয়ের বাসায় আয়োজিত পিঠা উৎসবে যোগ দিতে। রাস্তা ভুল করলে, দেরি হবে আরো। ওনার দেয়া রোড ম্যাপ বলছে সামনের দ্বিতীয় এক্সিট দিয়ে বেরিয়ে, বাঁয়ে কিছুদুর এগুলেই পাওয়া যাবে তার বাসার দিকে যাওয়ার ল্যান্ডমার্ক।
মিস করা যাবে না ওটা। রিয়াদের চারদিক ঘিরে থাকা এই হাইওয়েগুলোতে একবার এক্সিট মিস করলে, কতো দূর যে চালাতে হবে গাড়ী, ঠিক ঠিকানা নাই তার। তদুপরি নাই জিপিএস, গাড়িতে। শুরুর দিকে একবার ভালই নাজেহাল হয়েছিলাম একসন্ধ্যায় শহরের মাঝে চওড়া বুক চিতিয়ে থাকা পথে, পথ হারিয়ে!
যাক পৌঁছে গেছি নির্ঝঞ্ঝাটেই। ঢাকার মোহাম্মদপুর আবাসিক এলাকা ঘরানার এইখানে, এসেছিলাম আরো দুইবার। দু’বারই পাপ্পু ভাই ড্রাইভ করে এনেছিলেন। আজ তাই, মেটে রঙ্গয়ের শক্তপোক্ত চেহারার বাক্স আকৃতির চারতলা দালানগুলোর মাঝে, চিনতে পেরেছি সঠিক দালানটি। বেশ কটা গাড়ী সামনে পার্ক করা থাকলেও, ফাঁকা আছে দুটো স্লট। ঢুকে পরি তারই একটায়– আর বলবেন না পাপ্পু ভাই, আরো আগেই আসতে চাইছিলাম। ভাতঘুমের পাল্লায় পড়ে দেরিই হয়ে গেল। “আরে না, না। সমস্যা নাই। এই যে এসেছেন সেলিম ভাই। দেশে আমার বন্ধুর বস ছিলেন।বছরখানেক হল এসেছেন এখানে” বলেই মুখচোরা স্বভাবের স্বল্পভাষী পাপ্পু ভাই, আমার কোম্পানির নাম ও পদবী জানিয়ে, চায়ের আড্ডায় ব্যস্ত উনার চার বন্ধু / সহকর্মীর মাঝে ছেড়ে দিয়ে, তড়িঘড়ি গেলেন চলে আমার চায়ের আঞ্জামে।
অচেনা এই অধমের আগমনে, হাজেরানে মজলিসের আড্ডার রসভঙ্গ হলেও, হাসিমুখে তারা একে একে সবাই হাত মিলিয়ে স্বাগত জানিয়ে, দিলেন অচিরেই ডুব নিজেদের চলতি আড্ডার টলটলে জলে এক কোণার সোফায় মোবাইলে গেইম খুলে বসলেও, রেখেছি কানখাড়া আড্ডার দিকে। নিশ্চিত পাবো কোন ন কোন ভিটামিন। এরই মধ্যে আড্ডায় ধ্বনিত হওয়া টুকটাক চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার এক্সেন্ট, টুং টাং বেজেছে কানে।
“আরে ভাই, বইলেন না, আপনাদের বাচ্চারা তো ছোট। আমার বড় মেয়েটারে ইউনিভার্সিটিতে ভর্তি করা দরকার। কী করবো বুঝতেছি না? দেশে পাঠাইয়া, ইউনিভার্সিটিতে ভর্তি করাবো? নাকি বিদেশে? বিদেশে হলে কোথায়?”
বুঝেছি এরই মধ্যে দেড় দুই যুগ ধরে সপরিবারে মরুতে থাকা এই দলের মাঝে আমি নবিস, হংস মাঝে বক যথা। অতএব যে বিষয়টির অবতারণা হল, আগামাথা তার কিছুই বুঝি না। হল মনোযোগ বিচ্যুত, গেইম থেকে! ‘দেশেই পাঠাইয়া দেন। দাদাদাদি, নানানানি, চাচা, মামা, খালা বা ফুফুর কাছে থাইকা পড়াশোনা করবো। তারপর সুযোগ মতো বিয়া দি ফালাইবেন।’ ‘আরেহ না, কি বলছেন যে। লন্ডন বা আম্রিকা পাঠাই দিলেই তো বালো অয়।’ তৃতীয় এই মন্তব্যে এবার সরব চতুর্থ স্বর করে ঘোষণা– ‘এতো ঝামেলার কী আছে? দুবাই বা আবুধাবি ভর্তি করান।কাছেই থাকবো।’
ভাবছি, স্কুল ও কলেজ শেষ করেছে যে বাচ্চা এখানে,তাকে সৌদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে অসুবিধা কী? আমার বাসা থেকে এয়ারপোর্টে যাওয়ার পথেই তো, বাদশাহর বোনের না ফুপুর নামে তৈরি, বিশাল এক নারী বিশ্ববিদ্যালয় দেখেছি।
বদলেছে দিক আড্ডা, কন্যাটির শিক্ষাবিষয়ে সর্বসম্মতিক্রমে কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগেই। তাতে প্রমাণিত হল ফের, এই অধম দ্বিতীয় আরেকটি কারণে আসলেই বক। সবাই ইঞ্জিনিয়ার হওয়াতে কথা সে বিষয়ে শুরু হলেও অচিরেই ঘুরে গেল তা কোম্পানি বিষয়ে– ‘আইচ্ছা আপনাদের কোম্পানির খবর কি বলেন তো? আমারটাতে ঐ শালা মার্সি গো জ্বালায় আমার প্রমোশন হইতেছে না।’ ‘আরে বলবেন না যে। আমাদের বসটা ব্রিটিশ হইলেও, ওইটারে ঘিরি থাকে সারাক্ষণ কয়েকটা ইন্ডিয়ান। প্রমোশন দূরের কথা, ইনক্রিমেন্টও হইচ্ছে না ঠিকমতো। পুরান লক্কড়মার্কা টয়োটা চালইতেছি সেই খবে তেকে। একটা নতুন গাড়ী কিনব যে বাবতেছি খতদিন, ফারতেছি না।’
“শোনেন, শোনেন আমার বুয়েটের ক্লাসমেট, রুমমেট মোশাররফের কথা বলছিলাম না। ঐ যে রোডস এন্ড হাইওয়েতে জয়েন করছিল। হেতে দেশেই টাকার উপর ঘুমায়। কয়ডা যে বাড়ি আছে ঢাকায় , আর কত জায়গায় যে জমি আছে, বেডা নিজেও জানে না ! অনেক দিন ঝুইলা থাকলেও এবার প্রমোশন পাইয়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হইছে। ওরা কথা মনে হইলেই মনে হয়, শালার কী যে ভুল করছি বুয়েট থাইক্কা বাইরা হইয়াই এইখানে আইসা।“
“আরে দূর কি যে বলছেন না যে। আমাদের খামাই অইল হালাল”–এই মন্তব্যের আশ্বাসের পরেও মনে হল কানে এলো কারো দীর্ঘশ্বাসও। সেটিই কিনা টাইম মেশিনে করে নিয়ে গেল, নব্বই দশকের শুরুর দিকে। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ আমি ছিলাম তখন রংপুরে। দেড়দশকেরও বেশী সময়, ইরান নাকি ইরাকে ডাক্তারি করে, কোচর ভর্তি রিয়াল, দিনার নাকি ডলার নিয়ে রংপুরে ফিরে রঙ্গিন এক চারতলা বাড়ি বানিয়ে, তিনটা বাস কিনে রাস্তায় নামিয়ে, জম্পেশ একটা চেম্বার গড়িয়ে, প্র্যাক্টিস করার জন্য বসেছেন তখন এক ডাক্তার সাহেব ধাপ এলাকায়। কালেভদ্রে পেতেন রোগী। ব্যবসায়িক বিবেচনায় তাবৎ কোম্পানিরই ঝানু সেলসের লোকরা পাত্তা দিত না তাকে।তবে যেতাম আমি মাঝে মধ্যে। গেলেই, মহাআনন্দিত হয়ে চায়ের অর্ডার করে অবতারণা করতেন নানান গল্প। তবে কিছু মানুষ আসতেন অবশ্যই প্রতিবার ঘুরেফিরে আসতেন ঐ গল্পে, নানান উসিলায়। টুং টাং করে উঠতেই দরজার বেল সাই করে ফিরলাম ।‘আইচ্ছা আপনাদের কে লেটেস্ট মডেলের ঝক্কাস ঐ বিরাট অ্যাভালনটা কিনছেন? ঐটার কাফফারা নিয়া আলাপ হবে পরে। এখন ঐটা একটু বাঁয়ে চাপাইলে রাখলে, যুৎ মতো পার্ক করতে পারি আমি।’ সরি ভাই, এই যে আসামি। কাফফারা দিব, ঠিক আছে। ভাল ড্রাইভার না তো আমি, চলেন আপনিই, সুবিধামতো গাড়িটা সরিয়ে নেন। বলতে বলতে পাপ্পু ভাইকে পেরিয়ে দরজার মুখে এসে বাড়াই হাত, আগুন্তকের দিকে। থতমত খেয়ে গেছেন উনি। পাপ্পু ভাই দ্রুত তার কায়দায় পরিচয় করিয়ে দেন আমায়। ‘এই আপনেরা দেখছেন কি ভাইয়ের অফিসিয়াল গাড়িটা? ফাটাফাটি!’ পার্ক করা শেষ করে, রুমে ফিরেই সদ্যাগত ইঞ্জিনিয়ার এবাদত আলী এই ঘোষণা দিতেই কুঁকড়ে যাই মনে মনে ।এদিকে যা হবার তা তো হয়েই গেছে। গোটা আড্ডার মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন এ অধম, বক! আসছে নানান উৎসুক প্রশ্ন, এভালনের কারিশমায়। সতর্কতার সাথে করা ঐ সকল প্রশ্নের মূল সুর যে, আমার পদের জোর ও অর্থমুল্য বোঝা, বুঝবে তা যে কোন বেকুবও। অর্থাৎ শেখসাদির পোশাকের মতো গাড়ী মুহূর্তেই বাড়িয়ে দিয়েছে অধমের ইজ্জত, স্ট্যাটাস। ভুগছি বদহজমে!
‘জানি না, খাঁটি কি না। বাথার ঐ দোকানদার বলছিল দেশ থেকে আনা খাঁটি খেজুরের গুড় । ঐ টা দিয়ে বানানো হইছে পিঠাগুলো।’ বলতে বলতে পাপ্পু ভাই হাজির করেছেন বিশালাকায় গোল এরাবিয়ান ট্রে ভর্তি, ভাপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, পুয়া পিঠা। পেলাম এতেই হজমির সন্ধান। বললাম দ্রুত –ভাবীকে ও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণেই এই মরুতেও পাচ্ছি দেশী পিঠার সুবাস। আজকাল দেশেই তো পাওয়া যায় না খাঁটি খেজুরের গুড়। ঐ চিন্তা বাদ দেন– ‘ঠিক বলছেন সেলিম ভাই। দাঁড়ান আমার বাসাতেও আরেকদিন হবে। আপনারে এখনই দাওয়াত দিয়া রাখলাম।’ বললেন বেশীরভাগ সময় চুপচাপ থাকা চতুর্থজন।
হজমির ডোজ বাড়ানোর জন্য বলি– ভাইয়েরা, আমি তো নতুন এখানে, অনেক কিছুই জানি না তাই। নিশ্চিত আপনারা জানেন। এখানে আসার পর থেকেই প্রশ্ন ঘুরছে মাথায়, আমাদের খেজুর গাছগুলা রোগা দুবলা বিচি সর্বস্ব খেজুর দিলেও, রস তো অমৃত। সে জায়গায়, এখানকার এই যে চারশ নাকি পাঁচশো জাতের খেজুর আছে, সেগুলির কোন টা, কোনটার চেয়ে ভাল তা বোঝা মুশকিল। তো বলবেন কী এখানকার খেজুর গাছের রস আর গুড় কেমন? ‘ভাইরে, ভাই এইটা কী জিগাইলেন! এ কথা তো ভুলেও মনে আসে নাই ! আপনি মারাত্মক মানুষ! আগে পিঠা খান, তারপর লম্বা আড্ডা হবে।
লেখক : প্রাবন্ধিক, ভ্রমণসাহিত্যিক।












