পারিবারিক শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা

শতদল বড়ুয়া | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

পরিবারই মানবজীবনের প্রথম শিক্ষাকেন্দ্র, আর বাবা–মা হলেন সবচেয়ে বড় শিক্ষক। মানুষ যেদিন থেকে সংসার ও পরিবার–পরিজন নিয়ে বসবাস শুরু করেছে, সেদিন থেকেই পারিবারিক জীবনের গুরুত্ব গভীরভাবে অনুভব করতে শিখেছে। বিক্ষিপ্ত যাযাবর জীবন থেকে স্থিতিশীল সামাজিক জীবনে উত্তরণের মধ্য দিয়েই মানবসভ্যতার বিকাশ ঘটেছে। পারিবারিক বন্ধন মানুষকে শিখিয়েছে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও সুখ–দুঃখ ভাগ করে নেওয়ার শিক্ষা।

মানুষের জীবনের প্রথম উন্মেষ ঘটে পরিবারে। এখান থেকেই জীবন গঠনের প্রথম পদক্ষেপ সূচিত হয়। ইতিহাস ও বাস্তবতা বলে, মানুষ কখনো পারিবারিক জীবনের প্রভাব পুরোপুরি অতিক্রম করতে পারে না। পরিবার থেকে যে শিক্ষা গ্রহণ করে, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। তাই পরিবারই মানবজীবনের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র।

প্রবাদ আছে ঈযধৎরঃু নবমরহং ধঃ যড়সব। শুধু দানশীলতা নয়, জীবনের অধিকাংশ ভালো গুণের অঙ্কুরোদ্গম ঘটে পরিবার থেকেই। পরিবারের প্রথম শিক্ষক মা, এরপর বাবা, দাদা–দাদি, নানা–নানি ও অন্যান্য সদস্য। প্রতিটি শিশুর মধ্যেই সুপ্ত প্রতিভা থাকে। সেই প্রতিভার বিকাশ ঘটাতে পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদবকায়দা, শিষ্টাচার, নৈতিকতা ও সুন্দর আচরণ শিশু পরিবার থেকেই শেখে, যা পরবর্তী জীবনে তার ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে।

পেশাগত কারণে শিশুবিষয়ক নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। সেখানে অনেক শিশুর সাফল্যের পেছনে পারিবারিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উঠে এসেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে নিয়মশৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা পেয়েই তারা নিজেদের যোগ্য করে তুলেছে। এসব অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করা যায়, পারিবারিক শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা।

সন্তান জন্ম দেওয়াই বাবা–মায়ের একমাত্র দায়িত্ব নয়; বরং সন্তানকে সুশিক্ষিত, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান কর্তব্য। সন্তান প্রতিপালনে প্রয়োজন উপযুক্ত পরিবেশ, পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা ও দায়িত্বশীলতা। স্বামী–স্ত্রীর সম্পর্কের স্বাভাবিকতা, পারিবারিক শান্তি এবং শিশুর প্রতি যত্নশীল আচরণ তার মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারিবারিক অশান্তি ও অনুপযুক্ত পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।

বিদ্যালয় আমাদের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র। অন্যদিকে, পারিবারিক শিক্ষা শিশুর হৃদয়বৃত্তি, চরিত্র, নৈতিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আদর্শ মানবজীবন গঠনে এ দুই শিক্ষারই প্রয়োজন রয়েছে। তবে জীবনের ভিত্তি নির্মাণে পারিবারিক শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। সুন্দর পরিবার গড়ে ওঠে সুন্দর মানুষের সমন্বয়ে। আর সুন্দর মানুষ গড়ে ওঠার প্রধান ভিত্তি হলো পারিবারিক শিক্ষা। তাই সন্তানদের শুধু শিক্ষিত নয়, সৎ, মানবিক, দায়িত্বশীল ও বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারকেই সবচেয়ে বেশি যত্নশীল হতে হবে। আবারও বলতে চাই, পারিবারিক শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা।

লেখক : সাংবাদিক

পূর্ববর্তী নিবন্ধআসুন হাত বাড়াই
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়