রিয়াজউদ্দিন বাজারে মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী, নকল খাদ্যপণ্য; তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৫:০৮ অপরাহ্ণ

নিষিদ্ধ, ভেজাল ও অননুমোদিত পণ্যে ছেয়ে যাচ্ছে বাজার। নামীদামি ব্র্যান্ডের মোড়কে কিংবা পরিচিত পণ্যের আদলে বিক্রি হচ্ছে নানা ধরনের প্রসাধনী ও খাদ্যপণ্য। এসব পণ্যের অনেক কিছুই সাধারণ ভোক্তারা না জেনেই কিনছেন, খাচ্ছেন কিংবা ব্যবহার করছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন তাঁরা।

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রী, নকল খাদ্যপণ্য এবং নিষিদ্ধ কাশ্মীরি মরিচ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে রিয়াজউদ্দিন বাজারের মেসার্স ফজল দিন ইকবাল দিন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রীর পাশাপাশি নকল ডানো ক্রিম দুধ ও নিষিদ্ধ কাশ্মীরি মরিচ পাওয়া যায়।

প্রসাধনসামগ্রীর প্যাকেটে আমদানিকারক প্রতিষ্ঠানের কোনো পরিচয় ছিল না। এসব পণ্যের ক্রয়-বিক্রয়ের ভাউচারও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পরে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রী এবং নকল খাদ্যপণ্য বিক্রি করছিল। এসব পণ্যে ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একই দিন খাবারের মান ও পরিবেশ নিয়ে অনিয়মের অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নতুন রেলস্টেশনের বিপরীতে অবস্থিত পূরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি হাউসে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি খাবার পরিবেশন এবং আগে বিরিয়ানিতে ব্যবহৃত গরুর মাংস পুনরায় পরিবেশনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে বারবার খাবার রান্নার অভিযোগে বিসমিল্লাহ ঝাল-বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ আরও বলেন, অভিযানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, খাবারে কাপড়ে ব্যবহৃত রং মেশানো, নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার, পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং আগে রান্না করা গরুর মাংস পুনরায় পরিবেশনের মতো অনিয়ম পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন